ভারতে আশ্রয় নেওয়ার প্রায় দু’বছর পর নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (NIC) পেতে উদ্যোগী হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের কাছে আবেদন জানিয়েছেন তিনি। তাঁর হয়ে আবেদন জমা দেওয়ার দায়িত্ব দিয়েছেন ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাওলস কেসিকে। ১৯ নভেম্বর এই সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশের হাইকমিশনে পাঠানো হয়েছে। বিষয়টিকে জরুরি বলে উল্লেখ করেছেন শেখ হাসিনার আইনজীবী। (Sheikh Hasina New Passport)
হাইকমিশনে আইনজীবীর চিঠি
NDTV-র হাতে আসা নথি অনুযায়ী, ১৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রাহমকে চিঠি লেখেন স্টিভেন পাওলস। এর আগে ৯ নভেম্বরও তিনি একটি চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু তার কোনও উত্তর না পাওয়ায় ফের যোগাযোগ করেন তিনি। দ্রুত জবাব দেওয়ার আর্জি জানিয়েছেন আইনজীবী। পাওলস জানিয়েছেন, শেখ হাসিনার হয়ে আবেদন করার জন্য তাঁর কাছে প্রয়োজনীয় অনুমতিপত্র চেয়েছিল হাইকমিশন। সেই কারণে ৯ নভেম্বর তারিখে শেখ হাসিনার সই করা অনুমতিপত্রও জমা দিয়েছেন তিনি। সেখানে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার অধিকার দেওয়া হয়েছে তাঁকে। স্টিভেন পাওলস লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবী। (Sheikh Hasina New Passport)
ডিসেম্বরেই দেশে ফেরার ইঙ্গিত
প্রসঙ্গত, ২০২৪ সালের অগস্টে বাংলাদেশে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। সেই সময় থেকেই তিনি ভারতে রয়েছেন। আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। তবে তাঁর দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা। ২০২৪ সালে আন্দোলনকারীদের উপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের একটি আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে।
বাংলাদেশের সরকারি কৌঁসুলি মহম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে আদালতের রায় অনুযায়ী তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তাঁর দাবি, রায়ের বিরুদ্ধে আপিল করার ৩০ দিনের সময়সীমাও পেরিয়ে গিয়েছে। ফলে আইনি পথে রায়কে চ্যালেঞ্জ করার সুযোগ আর নেই বলে জানিয়েছেন তিনি। সব মিলিয়ে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য শেখ হাসিনার এই আবেদন ঘিরে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। (Sheikh Hasina New Passport)












