বহুতলের একাধিক তলার কাচ ভাঙা। ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের বাইরের অংশ। আশপাশের কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক ভবনের কাচও ভেঙে পড়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াধের ছবি ঘিরেই নতুন করে ছড়িয়েছে উদ্বেগ। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের সবচেয়ে উঁচু বহুতল। এই ভবনেই রয়েছে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দফতর। ঘটনার পর থেকেই সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংঘাত আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। (Saudi Arabia Houthi Attack)
কীভাবে ঘটল হামলা?
বৃহস্পতিবার ভোরে রিয়াধে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময়ে সৌদি আরবের নাগরিক প্রতিরক্ষা বিভাগ সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করে। কয়েক মিনিট পর অবশ্য জানানো হয়, বিপদের আশঙ্কা কেটে গিয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, রিয়াধের দিকে ছোড়া হুথিদের একটি ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলা করা হয়েছে। প্রাথমিক তদন্তে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতির ইঙ্গিত মিলেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৮০ তলা বিশিষ্ট পিআইএফ টাওয়ারের একাধিক তলার বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গিয়েছে জানালার কাচ। ৩৮৫ মিটার উঁচু এই বহুতলটি রিয়াধের কিং আবদুল্লা ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত। এই এলাকায় সৌদি স্টক এক্সচেঞ্জের সদর দফতর-সহ একাধিক আন্তর্জাতিক সংস্থার অফিস রয়েছে। ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের নেতৃত্বাধীন পিআইএফ তহবিলে ৯০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদ রয়েছে। তেলের উপর নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনায় এই তহবিল গুরুত্বপূর্ণ। (Saudi Arabia Houthi Attack)
বিমানবন্দরেও হামলার অভিযোগ
গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালাচ্ছে ইরান-সমর্থিত হুথিরা। বিমানবন্দর, জ্বালানি পরিকাঠামো এবং সামরিক ঘাঁটিও তাদের নিশানায় রয়েছে। গত অক্টোবর মাসে রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১৪ জনের মৃত্যু হয় এবং কয়েকশো মানুষ আহত হন। এর জেরে দু’সপ্তাহ বিমান পরিষেবা বন্ধ রাখতে হয়েছিল।বৃহস্পতিবার সৌদি সামরিক জোট জানায়, দেশের দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। পাল্টা ইয়েমেনের ধামার শহরে হুথিদের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করার দাবিও করেছে জোট।
সংঘাতে বাড়ছে উদ্বেগ
২০২২ সালে যুদ্ধবিরতির পর ইয়েমেনের গৃহযুদ্ধ অনেকটাই থমকে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলিতে ফের সংঘাত শুরু হয়েছে। হুথিরা আন্তর্জাতিক স্বীকৃত ইয়েমেন সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেনের দিকে এগোচ্ছে। রাষ্ট্রসংঘের হিসাব অনুযায়ী, সংঘাতের সাম্প্রতিক পর্যায়ে ১,৬০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন ৩ লক্ষেরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রিয়াধে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেন সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন। সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সৌদি সংবাদ সংস্থা এসপিএ। সব মিলিয়ে সৌদি আরব ও ইয়েমেনের সংঘাত যে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ বাড়াচ্ছে, তা স্পষ্ট। (Saudi Arabia Houthi Attack)












