ভারতের প্রথম বুলেট ট্রেন পরিষেবা চালু হতে চলেছে ২০২৭ সালে। প্রথম পর্যায়ে গুজরাটের সুরাট থেকে ভাপি পর্যন্ত ছুটবে এই উচ্চগতির ট্রেন। পরবর্তী সময়ে ধাপে ধাপে মুম্বই পর্যন্ত চালু হবে সম্পূর্ণ করিডর। শুক্রবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একইসঙ্গে প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, তার বিস্তারিত তথ্যও তুলে ধরেছেন তিনি। (India Bullet Train 2027)
কতটা এগিয়েছে নির্মাণকাজ?
রেলমন্ত্রী জানিয়েছেন, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বুলেট ট্রেন প্রকল্পে ৪৫৬ কিলোমিটার পিয়ার নির্মাণের কাজ শেষ হয়েছে। ৩৭১ কিলোমিটার ভায়াডাক্ট তৈরির কাজও সম্পূর্ণ। এছাড়া ২৯৯ কিলোমিটার অংশে ৬ লক্ষ শব্দরোধী দেওয়াল বসানো হয়েছে। ২০৬ কিলোমিটার ভায়াডাক্ট জুড়ে বসানো হয়েছে ৯,৩০০টি ওভারহেড ইলেকট্রিক্যাল (OHE) মাস্ট। (India Bullet Train 2027)
চারটি পাহাড়ি সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হয়েছে। মহারাষ্ট্রের ২১ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের মধ্যে ৫ কিলোমিটার অংশের কাজও সম্পন্ন হয়েছে। আটটি স্টেশনে মূল নির্মাণকাজ শেষ। বর্তমানে সেখানে সাজসজ্জা ও অন্যান্য কাজ চলছে। সাবরমতি, সুরাট এবং থানে—এই তিনটি ট্রেন রক্ষণাবেক্ষণ কেন্দ্রেও কাজ চলছে।
দেশের প্রথম সমুদ্রের নীচে রেল সুড়ঙ্গ
এই প্রকল্পের অন্যতম আকর্ষণ মহারাষ্ট্রের ২১ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ। এর মধ্যে ৭ কিলোমিটার অংশ থানে ক্রিকের নীচ দিয়ে সমুদ্রের তলা বরাবর তৈরি হচ্ছে। এটিই ভারতের প্রথম সমুদ্রের নীচে রেল সুড়ঙ্গ। ২০২৬ সালের জুলাই মাসে ভিখরোলি ও সাওলি থেকে দুটি টানেল বোরিং মেশিনের মাধ্যমে খননকাজ শুরু হয়েছে। প্রতিটি যন্ত্রের কাটার হেডের ব্যাস ১৩.৬ মিটার। চারতলা বাড়ির সমান উচ্চতার এই যন্ত্রগুলির ওজন ৩ হাজার টনেরও বেশি। প্রতিটি মেশিনের দৈর্ঘ্য ৯৬ মিটার।
দেশেই তৈরি হচ্ছে বুলেট ট্রেন
রেলমন্ত্রী জানিয়েছেন, ভারতের প্রথম বুলেট ট্রেন তৈরির কাজও চলছে। ICF এবং BEML যৌথভাবে ঘণ্টায় ২৮০ কিলোমিটার গতিতে চলার উপযোগী B28 ট্রেনসেট তৈরি করছে। প্রথম বডি ফ্রেমের কাজ শেষ হয়েছে। চলছে কাঠামোগত পরীক্ষা। ২০২৭ সালের মাঝামাঝি ট্র্যাক ট্রায়াল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী পর্যায়ে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির B35 ট্রেন তৈরির পরিকল্পনা রয়েছে। (India Bullet Train 2027)
কেন এত দেরি প্রকল্পে?
২০১৭ সালে ঘোষণা হওয়ার পরেও প্রকল্পের কাজ শুরু হতে দীর্ঘ সময় লেগেছে। অশ্বিনী বৈষ্ণবের বক্তব্য, মহারাষ্ট্রে জমি অধিগ্রহণ এবং প্রশাসনিক অনুমতির কারণে প্রায় আড়াই বছর কাজ আটকে ছিল। এরপর কোভিডের কারণে আরও দু’বছর নষ্ট হয়। ২০২১ সাল থেকে পুরোদমে নির্মাণকাজ শুরু হয়েছে। সমালোচকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, বাস্তবে জোরকদমে নির্মাণের কাজ চলছে মাত্র পাঁচ বছর ধরে। এই সময়ের মধ্যেই প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। (India Bullet Train 2027)












