বর্তমানে ভারতে পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের গুরুত্ব কতটা, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ব্যাঙ্কের কাজ থেকে শুরু করে সরকারি বিভিন্ন পরিষেবা, একাধিক ক্ষেত্রে প্রয়োজন হয় ১২ সংখ্যার এই বিশেষ পরিচয় নম্বর। তবে জানেন কি, ছোট শিশুদের জন্য রয়েছে আলাদা নীল আধার কার্ড? যাকে বলা হয় ‘বাল আধার’ (Baal Aadhaar)। সাধারণ আধার কার্ডের সঙ্গে এর বেশ কিছু পার্থক্যও রয়েছে। বিশেষ করে সন্তানের বয়স পাঁচ বছর হওয়ার পর অভিভাবকদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি। জেনে নিন সেগুলি।
নীল আধার ও সাদা আধারের মধ্যে পার্থক্য কোথায়?
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) পাঁচ বছরের কম বয়সি শিশুদের জন্য নীল রঙের আধার কার্ড চালু করেছে। অন্যদিকে, পাঁচ বছর বা তার বেশি বয়সিদের জন্য তৈরি হয় সাধারণ আধার কার্ড। মূল পার্থক্য রয়েছে বায়োমেট্রিক তথ্যের ক্ষেত্রে।
সাধারণ আধার কার্ডে ব্যক্তির ১০টি আঙুলের ছাপ এবং চোখের আইরিসের তথ্য নেওয়া হয়। কিন্তু পাঁচ বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রে এই তথ্য সংগ্রহ করা হয় না। কারণ, ছোট শিশুদের আঙুলের ছাপ ও চোখের আইরিস তখনও পুরোপুরি বিকশিত হয় না। তাই বাল আধার তৈরি হয় শিশুর ছবি এবং জন্মতারিখ-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে। পাশাপাশি, কার্ডটি বাবা অথবা মায়ের আধার নম্বরের সঙ্গে যুক্ত থাকে।
বয়স ৫ হলেই আধার আপডেট জরুরি
সন্তানের বয়স পাঁচ বছর হয়ে গেলে বাল আধারে বায়োমেট্রিক তথ্য আপডেট করাতে হবে। সেই সময় শিশুর আঙুলের ছাপ এবং চোখের আইরিসের তথ্য সংগ্রহ করা হয়। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে নীল আধারই সাধারণ আধারে পরিণত হয়।
তবে এখানেই শেষ নয়। সন্তানের বয়স ১৫ বছর হলে আবারও বায়োমেট্রিক তথ্য আপডেট করাতে হবে। নির্দিষ্ট সময়ে এই আপডেট না করালে আধার নিষ্ক্রিয় হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই অভিভাবকদের সন্তানের পাঁচ ও ১৫ বছর বয়সের বিষয়টি বিশেষভাবে মনে রাখা প্রয়োজন।
কীভাবে তৈরি করবেন সন্তানের ‘বাল আধার’?
সন্তানের জন্য নীল আধার কার্ড তৈরি করতে হলে প্রথমে নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। চাইলে UIDAI-এর ওয়েবসাইট থেকে অনলাইনেও অ্যাপয়েন্টমেন্ট বুক করা যায়।
আধার তৈরির সময় সঙ্গে রাখতে হবে শিশুর জন্মের শংসাপত্র অথবা হাসপাতালের ডিসচার্জ স্লিপ। পাশাপাশি বাবা অথবা মায়ের আসল আধার কার্ডও নিয়ে যেতে হবে। এনরোলমেন্ট সেন্টারে শিশুর ছবি তোলা হবে এবং তার প্রয়োজনীয় তথ্য অভিভাবকের আধার নম্বরের সঙ্গে যুক্ত করা হবে। যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলে নির্দিষ্ট ঠিকানায় আধার কার্ড পাঠিয়ে দেওয়া হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন আধার তৈরি এবং পাঁচ ও ১৫ বছর বয়সে বায়োমেট্রিক আপডেটের জন্য UIDAI কোনও টাকা নেয় না। অর্থাৎ, এই পরিষেবাগুলি সম্পূর্ণ বিনামূল্যে। তাই সন্তানের আধার তৈরি বা আপডেট করানোর ক্ষেত্রে অযথা কাউকে টাকা দেওয়ার প্রয়োজন নেই।












