হাতে একটি টাটকা বেদানা। বাইরে থেকে দেখতে সুন্দর, ভিতরে থরে থরে সাজানো লালচে দানা। কিন্তু সেই দানা ছাড়াতে গেলেই যত বিপত্তি! কখনও ছুরির চাপে ফেটে বেরিয়ে আসে লাল রস, কখনও জামাকাপড় থেকে রান্নাঘরের দেওয়াল—সব কিছুতেই লাগে বেদানার দাগ। এক একটি দানা আলাদা করতেও সময় লাগে অনেকটা। তবে এবার সেই ঝামেলা থেকে মুক্তি মিলতে পারে মাত্র ৩০ সেকেন্ডে। একটি ধারালো ছুরি, একটি কাঠের চামচ আর একটি বড় বাটি থাকলেই সহজে ছাড়িয়ে নিতে পারবেন বেদানার সমস্ত দানা। সম্প্রতি এই সহজ পদ্ধতির কথা তুলে ধরেছে ‘Her Zindagi’। (Pomegranate Seeds Removal Trick)
কী কী লাগবে?
বেদানার দানা ছাড়ানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। হাতের কাছেই থাকা কয়েকটি জিনিস দিয়ে কাজটি করা সম্ভব। (Pomegranate Seeds Removal Trick)
- একটি টাটকা বেদানা।
- একটি ধারালো রান্নার ছুরি।
- একটি বড় বাটি।
- একটি শক্ত কাঠের চামচ অথবা স্প্যাটুলা।
কীভাবে ছাড়াবেন বেদানার দানা?
প্রথম ধাপ: বেদানার উপরের অংশ কেটে নিন
প্রথমে একটি বেদানা নিয়ে কাটিং বোর্ডের উপর রাখুন। মাঝখান থেকে গোটা ফলটি কেটে ফেলবেন না। এতে দানা থেঁতলে যেতে পারে এবং রস ছিটকে পড়তে পারে। তার বদলে বেদানার উপরের মুকুটের মতো অংশটি প্রায় আধ ইঞ্চি কেটে বাদ দিন। (Pomegranate Seeds Removal Trick)
দ্বিতীয় ধাপ: খোসায় হালকা দাগ কাটুন
বেদানার ভিতরে সাদা রঙের পাতলা পর্দা বা বিভাজন দেখা যায়। এই প্রাকৃতিক রেখাগুলি অনুসরণ করে উপর থেকে নীচ পর্যন্ত খোসায় কয়েকটি হালকা কাট দিন। খেয়াল রাখবেন, ছুরি যেন বেশি গভীরে না ঢোকে।
তৃতীয় ধাপ: বেদানার কোয়াগুলি আলাদা করুন
এবার দুই বুড়ো আঙুল দিয়ে বেদানার উপরের অংশে চাপ দিয়ে ধীরে ধীরে দু’দিকে টানুন। দেখবেন, কাটা দাগ বরাবর বেদানার কোয়াগুলি ফুলের পাপড়ির মতো খুলে যাচ্ছে।
চতুর্থ ধাপ: কাঠের চামচের কৌশল
একটি বড় বাটির উপর বেদানার কোয়াটি উল্টো করে ধরুন। অর্থাৎ, কাটা অংশ থাকবে নীচের দিকে। এবার কাঠের চামচ দিয়ে বেদানার খোসার পিছনে কয়েকবার জোরে টোকা দিন। কম্পনের ফলে দানাগুলি খোসা থেকে আলাদা হয়ে সরাসরি বাটিতে পড়তে শুরু করবে। (Pomegranate Seeds Removal Trick)
পঞ্চম ধাপ: জল দিয়ে পরিষ্কার করুন
বাটিতে দানার সঙ্গে সাদা অংশ বা খোসার টুকরো পড়লে তাতে জল ঢালুন। সাদা অংশগুলি জলের উপরে ভেসে উঠবে, আর বেদানার দানাগুলি নীচে জমা হবে। উপর থেকে সাদা অংশ সরিয়ে জল ফেলে দিলেই তৈরি পরিষ্কার বেদানার দানা।
সময় বাঁচবে, কমবে ঝামেলাও
বেদানার দানা ছাড়ানোর এই পদ্ধতিতে বারবার হাতে ধরে একটি একটি করে দানা আলাদা করার প্রয়োজন নেই। সঠিকভাবে খোসায় দাগ কেটে কাঠের চামচ দিয়ে টোকা দিলেই কাজ অনেক সহজ হয়ে যায়। ফলে রান্নাঘর বা জামাকাপড়ে বেদানার রস ছিটকে পড়ার আশঙ্কাও কমে। তবে ছুরি ব্যবহারের সময় সতর্ক থাকা জরুরি। (Pomegranate Seeds Removal Trick)













