প্রেমিকার সঙ্গে টানাপোড়েনই কাল হলো। গড়িয়ায় লিভ-ইন পার্টনারকে খুনের অভিযোগে ধৃত অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ার ফরতাবাদ এলাকার একটি ফ্ল্যাটে। মৃতের নাম সার্থক সরকার। সার্থকের বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। এই ঘটনায় অভিযুক্ত সঞ্চালিকা বসু ও তাঁর মা মৌমিতা বসুকে গ্রেফতার করেছে পুলিশ (Garia murder)।
Garia murder: ধারালো অস্ত্র দিয়ে খুন?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তরুণীর সঙ্গে ফরতাবাদের ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন ওই যুবক। সেখানেই শনিবার রাতে দুজনের মধ্যে বিবাদ বাধে। বিবাদ চরম আকারে পরিণত হয়। ঝামেলার মাঝে সার্থকের কাঁধে ধারাল অস্ত্র দিয়ে কোপ বসিয়ে দেয় ওই তরুণী। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। ঘটনায় তরুণীর মা-ও জড়িত বলে মনে করছে পুলিশ। কী কারণে অশান্তি, সব বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ (Garia murder)।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, “শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। এক মহিলা এসে আমাদের খবর দেয়। তিনি বলেন ওনার বাড়িতে বিপদ ঘটেছে। আমরা পুলিশকে খবর দিই। পুলিশের সঙ্গে আমরাও ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি বিছানায় রক্তাক্ত অবস্থায় একটা দেহ পড়ে রয়েছে। যে মহিলা আমাদের খবর দেন, তাঁর গলায় আমরা অনেক আঘাত দেখতে পাই। আমরা সঙ্গে সঙ্গে নরেন্দ্রপুর থানার খবর দিই। আনুমানিক রাত দেড়টা থেকে ২টোর মধ্যে ঘটনাটি ঘটেছে।”
রবিবার অভিযুক্তকে বারুইপুর আদালতে তোলা হয়। তবে কী নিয়ে বচসা, কী কারণে খুন, সবটাই খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ।












