দীপাবলিতে ১ লক্ষ টাকা বোনাস? অবাক হচ্ছেন? না এটাই সত্যি। অনেক অফিসে দীপাবলির উপহার বলতে নতুন পোশাক, মিষ্টি দেওয়ার চল রয়েছে। কিন্তু গুজরাটের সুরাটের এক ব্যবসায়ী যা করলেন, তা দেখে কার্যত হতবাক সকলে। এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। শুধু একজন বা দু’জন নন, মোট ২০ জন কর্মীকে এমন উপহার দিলেন তিনি। সব মিলিয়ে খরচ ২০ লক্ষ টাকারও বেশি। তিনি খামে করে টাকা না দিয়ে, রুপোলি রঙের থালায় সাজিয়ে নোটের বান্ডিলগুলি কর্মীদের হাতে তুলে দেন। তাঁদের স্ত্রীরাই তাঁদের স্বামীদের হাতে টাকা তুলে দেন। আর মালিকের কাছ থেকে এমন উপহার পেয়ে কারও চোখে আনন্দের জল, কেউ আবার কার্যত বাকরুদ্ধ (1 lakh cash diwali bonus)।
1 lakh cash diwali bonus: কর্মীদের এত টাকা কেন দিলেন ব্যবসায়ী?
গুজরাটের সুরাটে ব্যবসায়ী রামস্বরূপ মুন্ডের কাপড়ের ব্যবসা রয়েছে। তিনি বলেন, তাঁর কর্মীদের কেবল দোকানের কর্মচারী হিসেবে নয়, বরং নিজের পরিবারেরই একটি অংশ বলে মনে করেন। তাঁর ইচ্ছে ছিল, তাঁর কর্মীরা কোনও রকম আর্থিক দুশ্চিন্তা ছাড়াই নিজেদের পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করুক (1 lakh cash diwali bonus)।
তিনি রুপোলি রঙের পুজোর থালায় নোটের বান্ডিল সাজিয়ে দেন। সেখানে ছিল ১০, ২০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট। সেই থালা থেকে একে একে কর্মীদের হাতে তুলে দেওয়া হয় টাকা। এত বিপুল পরিমাণ টাকা উপহার হিসেবে পেয়ে প্রথমে কার্যত অবাক হয়ে যান কর্মীরা। আর এই ভিডিয়োই ভাইরাল হয় সমাজমাধ্যমে।
ভিডিয়োটি দেখার পর এক নেটিজেন লেখেন, “তাঁর দর্শন খুবই সহজ, দীপাবলির আনন্দ কেবল নিজের বাড়ির গণ্ডিতেই সীমাবদ্ধ থাকবে কেন? যাঁরা তাঁর সঙ্গে কঠোর পরিশ্রম করেন, তাঁদের পরিবারগুলির সমান আনন্দে দীপাবলি উদযাপনের অধিকার রয়েছে। তিনি কর্মীদের কেবল কর্মচারী হিসেবে দেখেন না, বরং পরিবারের সদস্য বলেই মনে করেন। এমন একটা ধারণা আপনাকে প্রকৃত অর্থেই ‘সমৃদ্ধ’ করে তোলে।”












