রাজ্যে ক্ষমতার আসার আগেই বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সকল বেকার যুবক-যুবতীদের আর্থিক সাহায্য তুলে দেবে প্রশাসন। আর সেই প্রতিশ্রুতি রাখতেই, শিক্ষিত অথচ কর্মহীন তরুণ-তরুণীদের জন্য চালু হতে চলেছে ‘যুবশক্তি প্রকল্প’। এই প্রকল্পে উচ্চমাধ্যমিক পাশ করলে মাসে ২ হাজার টাকা এবং স্নাতক উত্তীর্ণ হলে মাসে ৩ হাজার টাকা করে পাওয়ার কথা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রকল্পটি অনুমোদনের জন্য পেশ হবে। সব ঠিক থাকলে ১ জানুয়ারি থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হতে পারে।
তবে এই প্রকল্পের সুবিধা পেতে মানতে হবে ১০টি শর্ত।
Yuva Shakti:যুবশক্তি প্রকল্পের টাকা পেতে মানতে হবে ১০টি নিয়ম
- রাজ্যের বাসিন্দা হওয়া আবশ্যক: আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- বয়সের ঊর্ধ্বসীমা কত?: বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। উচ্চমাধ্যমিক পাশ করলে ২ হাজার এবং স্নাতক হলে ৩ হাজার টাকা পাওয়ার কথা।
- বেকার হতে হবে: সরকারি, আধা-সরকারি বা বেসরকারি সংস্থায় নিয়মিত স্থায়ী চাকরি থাকলে আবেদন করা যাবে না।
- পরিবারের চাকরি: বাবা, মা কিংবা স্বামী বা স্ত্রী সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী হলে আবেদন করার ক্ষেত্রে বাধা থাকতে পারে।
- পারিবারিক আয়: পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে। আবেদনকারী বা তাঁর পরিবার আয়করদাতা হলে সুবিধা পাওয়া যাবে না।
- এক পরিবারে একজন: একটি পরিবার থেকে সাধারণত একজনই এই প্রকল্পের সুবিধা পাবেন।
- অন্য সরকারি ভাতা: একই ধরনের সরকারি আর্থিক সাহায্য পেলে আবেদন করার ক্ষেত্রে বিধিনিষেধ থাকতে পারে।
- নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট: আবেদনকারীর নিজের নামে সচল সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নয়।
- আধার ও DBT: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এবং DBT পরিষেবা চালু থাকতে হবে।
কীভাবে আবেদন করবেন, লাগবে কোন নথি?
২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকের পর অনলাইন পোর্টাল চালু হতে পারে। মোবাইল নম্বরে OTP যাচাই করে আবেদন করা যাবে। এছাড়া বাংলা সহায়তা কেন্দ্র (BSK) এবং ব্লক অফিস থেকেও আবেদনের সুযোগ থাকার কথা।
প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং আধার সংযুক্ত ব্যাঙ্কের পাসবই।
তবে আবেদন করার আগে প্রকল্পের চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তি দেখে যোগ্যতা ও শর্তগুলি নিশ্চিত করে নেওয়া জরুরি।













