দু’দিনের ভারত সফরে রবিবার নয়াদিল্লিতে পৌঁছলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। এমনকী, প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। রবিবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নেপালের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণেই এই সফরে এসেছেন বালেন শাহ। (Nepal PM Balendra Shah India Visit)
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে ২০২৬ সালের মার্চ মাসে দায়িত্ব গ্রহণ করেন বালেন্দ্র শাহ। তাঁর এই ভারত সফরকে দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিদেশমন্ত্রক। দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সাধারণ মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের সম্পর্ককে আরও মজবুত করাই এই সফরের অন্যতম লক্ষ্য।
রবিবার জয়শঙ্করের সঙ্গে বৈঠক
বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা ৬টায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বালেন শাহের। তবে রবিবার এর বাইরে তাঁর আর কোনও কর্মসূচি রাখা হয়নি। সোমবার থেকে শুরু হবে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। (Nepal PM Balendra Shah India Visit)
সোমবার মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক
সোমবার সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং বৈঠকে যোগ দেবেন নেপালের প্রধানমন্ত্রী। এরপর রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানাবেন। সেখান থেকে যাবেন হায়দরাবাদ হাউসে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
দুপুর ১২টা ২৫ মিনিটে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি এবং সমঝোতাপত্র (MoU) বিনিময় হবে। এরপর দুই রাষ্ট্রপ্রধান যৌথ সাংবাদিক সম্মেলন করবেন। সোমবার বিকেল ৩টে ১৫ মিনিটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন বালেন্দ্র শাহ। কর্মসূচি শেষে বিকেল ৪টে ৫০ মিনিটে নয়াদিল্লি থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেওয়ার কথা তাঁর। (Nepal PM Balendra Shah India Visit)
ভারত-নেপাল সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য
বিদেশমন্ত্রকের বক্তব্য, এই সফরের মাধ্যমে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন গতি পাবে। পাশাপাশি দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে। বিভিন্ন ক্ষেত্রে চলমান সহযোগিতা পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যতে সম্পর্ক আরও মজবুত করার পথ নিয়েও আলোচনা হবে। আগামী ২৩ নভেম্বর নেপালে ফিরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের। (Nepal PM Balendra Shah India Visit)











