অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে যাওয়ার পথেই বাধার মুখে পড়লেন ককরোচ জনতা পার্টি (CJP)-র অন্যতম মুখ সৌরভ দাস। সোমবার রাতে লন্ডন যাওয়ার জন্য দিল্লি বিমানবন্দরে পৌঁছেছিলেন তিনি। অভিযোগ, ইমিগ্রেশন কাউন্টারে তাঁকে আটকে দেওয়া হয়। ফলে রাত ১টার বিমানে আর লন্ডন যাওয়া হয়নি তাঁর। এই ঘটনায় সরাসরি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সৌরভ। এমনকি ব্যঙ্গের সুরে বলেছেন, ‘ইশ! আমি যদি নীরব মোদি হতাম!’ (Saurav Das Stopped at Delhi Airport)
কেন লন্ডন যাচ্ছিলেন সৌরভ?
সৌরভ দাসের দাবি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়নের তরফে একটি প্যানেল আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। সেখানে ‘ককরোচ মুভমেন্ট’ নিয়ে বক্তব্য রাখার কথা ছিল তাঁর। শুধু অক্সফোর্ড নয়, কেমব্রিজ, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স (LSE) এবং এডিনবরার কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকেও আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন বলে দাবি করেছেন সৌরভ।
এক্স হ্যান্ডলে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছনোর পর জানতে পারেন, তাঁর পাসপোর্ট ‘ফ্ল্যাগড’ করা হয়েছে। কেন তাঁকে বিদেশে যেতে দেওয়া হলো না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
🚨This coward government did not allow me to board my flight to London where I was invited by prestigious universities like Oxford, Cambridge, LSE, Edinburgh to deliver talks on the cockroach movement. Indian students put their heart and soul to organise the events but this anti-intellectual govt was scared of me going to these prestigious institutions! @Cockroachisback
— Saurav Das (@SauravDassss) November 23, 2026
‘নীরব মোদি বা বিজয় মালিয়া হলে ভালো হতো!’
এই ঘটনার পরেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে সৌরভ বলেন, শিক্ষিত তরুণদের অন্য দেশের শিক্ষিত মানুষের সঙ্গে আলোচনা করতে যাওয়াতেই ভয় পাচ্ছে সরকার। তাঁর অভিযোগ, বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে বক্তব্য রাখার সুযোগ পাওয়ায় ভারতীয় পড়ুয়ারা নিজেদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। কিন্তু সরকারের এই পদক্ষেপে তাঁদের সমস্ত পরিশ্রম ব্যর্থ হলো।
এরপরই ব্যঙ্গ করে সৌরভ বলেন, ‘ইশ! আমি যদি নীরব মোদি হতাম! ইশ! আমি যদি বিজয় মালিয়া হতাম! হাজার হাজার কোটি টাকা ব্যাঙ্ক থেকে লুট করতে পারলে হয়তো ভালো হতো!’ তাঁর বক্তব্য, বড় অঙ্কের ব্যাঙ্ক জালিয়াতির অভিযুক্তরা বিদেশে চলে যেতে পারলেও শুধু তাঁকেই একটি আলোচনায় যোগ দিতে যাওয়ার পথে আটকে দেওয়া হলো।
সরব CJP প্রতিষ্ঠাতাও
এই ঘটনায় সৌরভের পাশে দাঁড়িয়েছেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর অভিযোগ, সৌরভের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ পাওয়ায় ক্ষমতায় থাকা কোনও ব্যক্তির নিশ্চই হিংসা হয়েছে। তবে এই বাধা তাঁকে দমিয়ে রাখতে পারবে না বলেই জানিয়েছেন সৌরভ। ভবিষ্যতে লন্ডন, প্যারিস-সহ বিশ্বের বিভিন্ন জায়গায় যাওয়ার এবং নিজের কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।













