মাথার উপর দিয়ে ঝুলছে বিশাল লম্বা টাকার মালা। সেই মালা সামলাতে একসঙ্গে হাত লাগিয়েছেন বেশ কয়েকজন। মালার প্রতিটি স্তরে সাজানো রয়েছে ৫০০ টাকার নোট। আর সেই মালা পরেই বিয়ের শোভাযাত্রায় নজর কাড়লেন দুই বর। উত্তরপ্রদেশের মথুরার একটি বিয়ের অনুষ্ঠানে এমনই দৃশ্য ঘিরে এখন তুমুল চর্চা সমাজ মাধ্যমে। দাবি, দুই বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে প্রায় ১ কোটি টাকা মূল্যের দুটি বিশালাকার নোটের মালা। অর্থাৎ, দুই মালার মোট মূল্য প্রায় ২ কোটি টাকা! (Mathura Wedding Viral)
দুই বরকে ১ কোটি টাকার মালা উপহার
ঘটনাটি মথুরা জেলার সুরির থানা এলাকার নাগলা ফোন্ডা গ্রামের। সেখানে প্রশান্ত ও কানহা রাঘবের বিয়ে উপলক্ষে ঘুরচড়ি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানেই দুই বরকে এমন অভিনব উপহার দেন তাঁদের ভগ্নিপতি যোগেশ কুমার। এলাকায় তিনি ভুরা ঠাকুর নামেই পরিচিত। জানা গিয়েছে, ৫০০ টাকার নোট দিয়ে তৈরি দুটি মালার প্রতিটির দৈর্ঘ্য প্রায় ১০০ ফুট। প্রতিটি মালার মূল্য প্রায় ১ কোটি টাকা বলে দাবি করা হয়েছে। (Mathura Wedding Viral)
মালাগুলি এতটাই বড় ছিল যে, সেগুলি সামলাতে একাধিক মানুষের সাহায্য নিতে হয়। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অনেকেই মোবাইল ফোনে এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। পরে সেই ভিডিয়ো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়।
কে এই ভুরা ঠাকুর?
জানা গিয়েছে, যোগেশ কুমার রাজস্থানের কামা এলাকার নন্দোলা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের সরপঞ্চ বলেও পরিচিত। অন্যদিকে, দুই বর প্রশান্ত ও কানহা রাঘব যোগেন্দ্র সিং এবং কুশলপাল সিংয়ের ছেলে। তাঁরা মার্বেল ও পাথরের শোরুমের ব্যবসার সঙ্গে যুক্ত। কৃষক নেতা মহাবীর স্বামীর ভাইপো বলেও তাঁদের পরিচয় পাওয়া গিয়েছে।
গোবর্ধনে বিয়ের আসর
প্রশান্ত ও কানহা রাঘবের বিয়ে গোবর্ধনের একটি বিবাহবাসরে হওয়ার কথা ছিল। তাঁদের কনে মুদসেরাস গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে এই বিয়ের অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে কোটি টাকার নোটের মালা।
যদিও প্রতিটি মালার মূল্য ১ কোটি টাকা বলে দাবি করা হচ্ছে, সেই অঙ্কের সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবুও অভিনব এই উপহার এবং বিয়ের শোভাযাত্রার দৃশ্য ইতিমধ্যেই মথুরার অন্যতম চর্চিত ভাইরাল ঘটনা হয়ে উঠেছে। (Mathura Wedding Viral)














