রাজনৈতিক রোড শো ঘিরে উৎসবের আবহ মুহূর্তে বদলে গেল শোক ও ক্ষোভে। (Gorakhpur Bulldozer Accident) সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের PDA রথযাত্রায় ফুল ছড়ানোর জন্য ব্যবহৃত বুলডোজারের ধাক্কায় প্রাণ গেল ১২ বছরের এক নাবালকের। বুধবার উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ছেলের মৃত্যুর প্রতিবাদে রাস্তায় বসে পড়েন পরিবারের সদস্যরা। অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। মৃতের বাবা স্থানীয় বিজেপি নেতা হওয়ায় ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।
Table of Contents
বোনকে আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা
(Gorakhpur Bulldozer Accident) মৃত নাবালকের নাম আর্যবর্ধন সিং (১২)। সে গোরক্ষপুরের চৌরি চৌরা এলাকার রাজধানী গ্রামের বাসিন্দা। বাবা ওমকার সিং শ্রীনেত স্থানীয় বিজেপি নেতা। জানা গিয়েছে, বুধবার দুপুরে কূড়াঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কেন্দ্রীয় বিদ্যালয় থেকে বোনকে আনতে যাচ্ছিল আর্যবর্ধন। সেই সময় রাস্তা পার হওয়ার চেষ্টা করতেই ফুল ছড়ানো একটি JCB-র ধাক্কায় গুরুতর জখম হয় সে।
বাবার অভিযোগ, পিছন থেকে দ্রুতগতিতে আসছিল JCB
আর্যবর্ধনের বাবার অভিযোগ, অখিলেশ যাদবের কনভয় ততক্ষণে এলাকা পেরিয়ে গিয়েছিল। তার পিছনেই ফুল ছড়াতে থাকা একটি JCB অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। সেই সময় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল তার ছেলে। JCB-টি পিছন থেকে ধাক্কা মারলে ছিটকে ডিভাইডারের দিকে পড়ে যায় সে। মাথায় গুরুতর আঘাত লাগে। তড়িঘড়ি তাকে AIIMS গোরক্ষপুরে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। (Gorakhpur Bulldozer Accident)
ঘটনার বিবরণ দিতে গিয়ে ওমকার সিং বলেন, “ও আমার ছেলে। দুপুর ২টো নাগাদ অখিলেশ যাদবের কনভয় যখন যাচ্ছিল, তখন আমার ছেলে বোনকে আনতে যাচ্ছিল। কনভয় এগিয়ে যাওয়ার পর পিছনে ফুল ছড়ানোর জন্য একটি JCB অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। সেই সময় আমার ছেলে রাস্তা পার হচ্ছিল। JCB-টি তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
রাস্তা অবরোধ, ঘটনাস্থলে জেলাশাসক ও পুলিশ সুপার
ছেলের মৃত্যুর পর ক্ষুব্ধ পরিবার ও স্থানীয়রা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যান চলাচলও বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন গোরক্ষপুরের জেলাশাসক ও সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP)। পরিবারের সঙ্গে কথা বলে সবরকম সাহায্যের আশ্বাস দেন তাঁরা। পরে অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনায় ব্যবহৃত বুলডোজারটি বাজেয়াপ্ত করেছে। সেটির মালিকের খোঁজ চলছে।
পরিবারের পাশে বিজেপি নেতা-মন্ত্রীরা
(Gorakhpur Bulldozer Accident) ঘটনার পর শোকপ্রকাশ করতে মৃতের পরিবারের কাছে যান গোরক্ষপুরের বিধায়ক সর্বন নিশাদ। ক্যাবিনেট মন্ত্রী সঞ্জয় নিশাদ ফোনে বিধায়কের সঙ্গে কথা বলে পরিবারকে সবরকম সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দেন। অন্যদিকে, এই দুর্ঘটনার জন্য সমাজবাদী পার্টিকে দায়ী করেছে বিজেপি।
ঘটনা সম্পর্কে জানেন না, দাবি অখিলেশের
অন্যদিকে, এই দুর্ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হলে অখিলেশ যাদব জানান, ঘটনার বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই। পাশাপাশি রোড শো ঘিরে প্রশাসনের প্রস্তুতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। NDTV-র প্রতিবেদন অনুযায়ী, অখিলেশ বলেন, “এই ঘটনা সম্পর্কে আমার কোনও তথ্য নেই। তাছাড়া প্রশাসন কোনও ব্যবস্থাই করেনি। বিজেপির লোকজনের ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন। তারা যে কাউকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতে পারে।”
উল্লেখ্য, গোরক্ষপুর বিমানবন্দর থেকে শুরু হয়েছিল অখিলেশের PDA রথযাত্রা। চৌরি চৌরার দেওকাহি গ্রামে গিয়ে শেষ হয় সেই রোড শো। জেলার ন’টি বিধানসভা কেন্দ্র-সহ পূর্ব উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থক তাতে যোগ দেন। সমাজবাদী পার্টির পতাকা হাতে স্লোগান দিতে দিতে প্রচার গাড়ির সঙ্গে দৌড়তে দেখা যায় কর্মীদের। সেই রাজনৈতিক কর্মসূচির মধ্যেই ১২ বছরের শিশুর মৃত্যুর ঘটনায় উঠছে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন। (Gorakhpur Bulldozer Accident)











