মালদায় অনুমোদনহীন বেসরকারি প্রাথমিক স্কুলের সংখ্যা দেখে কার্যত চোখ কপালে রাজ্য শিক্ষা দফতরের আধিকারিকদের। জেলায় প্রায় সাড়ে ৩ হাজার বেসরকারি প্রাথমিক স্কুল রয়েছে। অথচ সরকারি অনুমোদন বা এনওসি (NOC) রয়েছে মাত্র ১৫টির। বাকি স্কুলগুলি কীভাবে বছরের পর বছর ধরে চলছে, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এবার এই অনিয়মের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। প্রশাসনের তরফে একসঙ্গে ৬৭টি বেসরকারি প্রাথমিক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ওই স্কুলগুলির ইউডাইস (UDISE) কোডও নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।
Malda Schools Closed: কোন এলাকায় কতগুলি স্কুল বন্ধ?
গত ১০ বছরে মালদার বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি প্রাথমিক স্কুল। প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী, গোটা রাজ্যের অন্য কোনও জেলায় এত বিপুল সংখ্যক বেসরকারি স্কুল নেই। শিক্ষা দফতরের পদক্ষেপে বন্ধ হওয়া ৬৭টি স্কুলের মধ্যে হরিশ্চন্দ্রপুর-১ চক্রে রয়েছে ১৫টি, রতুয়া-১ চক্রে ১৩টি, কালিয়াচক-৩ চক্রে ৯টি এবং চাঁচল-১ চক্রে ৮টি স্কুল। ইংরেজবাজার পুর এলাকাতেও বন্ধ হয়েছে ৬টি স্কুল।
সরকারি স্কুলে রয়েছে নাম, এদিকে পড়াশোনা বেসরকারি স্কুলে
শুধু অনুমোদন না থাকাই নয়, তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। দেখা গিয়েছে, বেসরকারি প্রাথমিক স্কুলগুলির বহু পড়ুয়া গোপনে সরকারি প্রাথমিক স্কুলেও ভর্তি রয়েছে। অর্থাৎ একই পড়ুয়ার নাম দুই জায়গাতেই নথিভুক্ত রয়েছে বলে অভিযোগ।
অন্যদিকে, পরিকাঠামো এবং পর্যাপ্ত পড়ুয়া না থাকায় মালদায় ২১টি সরকারি প্রাথমিক স্কুলও বন্ধ করা হয়েছে। সেগুলির UDISE কোডও নিষ্ক্রিয় করা হয়েছে। সব মিলিয়ে গত ২০ নভেম্বর পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, জেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৮৮টি প্রাথমিক স্কুলের ইউডাইস কোড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে।
উল্লেখ্য, UDISE কোড হলো শিক্ষা মন্ত্রকের অধীনে প্রতিটি স্বীকৃত স্কুলের জন্য বরাদ্দ ১১ সংখ্যার বিশেষ পরিচয় নম্বর। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, সরকারি অনুমোদন ছাড়াই এতগুলি বেসরকারি স্কুল বছরের পর বছর চলল কীভাবে? স্কুলগুলির পরিকাঠামো, পড়ানোর পদ্ধতি, পাঠক্রম এবং অর্থের জোগান কোথা থেকে আসছে, তা নিয়েও তদন্তের প্রয়োজন রয়েছে। এবার সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজতে নেমেছে রাজ্য শিক্ষা দফতর।












