নিজের বাড়ি সাজানোর সময় দেওয়ালের রং বাছাই নিয়ে অনেকেই বেশ চিন্তাভাবনা করেন। কারণ, ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি রং আমাদের মন-মেজাজের উপরেও প্রভাব ফেলে। সারাদিনের ব্যস্ততা আর কাজের ক্লান্তি শেষে বাড়ি ফিরে প্রত্যেকেই একটু শান্তির পরিবেশ চান। আর সেই পরিবেশ তৈরি করতে ঘরের সাজসজ্জার পাশাপাশি দেওয়ালের রংও গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির প্রতিটি ঘরের জন্য রয়েছে আলাদা আলাদা রঙের পরামর্শ। প্রচলিত বিশ্বাস, সঠিক রং বেছে নিলে বাড়িতে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। তাহলে জেনে নিন, কোন ঘরের জন্য কোন রং বেছে নেওয়া ভালো।
Home Wall Colour: বসার ঘর ও প্রবেশদ্বারে রাখুন হালকা রং
বাস্তুমতে, বাড়ির সদর দরজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই পথ দিয়েই বাড়িতে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে। তাই প্রধান দরজা এবং বসার ঘরের জন্য হালকা হলুদ, সাদা কিংবা ক্রিম রং বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এই ধরনের রং ঘরকে উজ্জ্বল ও সুন্দর করে তোলে। পাশাপাশি অতিথিদের কাছেও বাড়ির পরিবেশ বেশ মনোরম মনে হয়।
শোওয়ার ঘরে কোন রং শুভ?
শোওয়ার ঘর এমন একটি জায়গা, যেখানে দিনের শেষে শরীর ও মন দুটিকেই বিশ্রাম দিতে চান সকলে। তাই এই ঘরের দেওয়ালের রং হওয়া উচিত চোখের পক্ষে আরামদায়ক। বাস্তুশাস্ত্র অনুযায়ী, হালকা গোলাপি, নীল কিংবা সবুজ রং শোওয়ার ঘরের জন্য ভালো। বিশেষ করে দম্পতিদের ঘরে হালকা গোলাপি রং ব্যবহার করলে সম্পর্কের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বজায় থাকে বলে মনে করা হয়। তবে এই ঘরে খুব গাঢ় বা উজ্জ্বল রং এড়িয়ে চলাই ভালো।
রান্নাঘরের জন্য বেছে নিন উষ্ণ রং
বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা রান্নাঘর। বাস্তুমতে, এই ঘরের দেওয়ালে কমলা, হালকা হলুদ কিংবা পিচ রং ব্যবহার করা শুভ। এই রংগুলি রান্নাঘরে উষ্ণ ও প্রাণবন্ত পরিবেশ তৈরি করে। তবে রং বাছার সময় এমন রং নির্বাচন করুন, যা সহজে পরিষ্কার করা যায়। কারণ, রান্নার সময় দেওয়ালে তেল-মশলার দাগ লাগার সম্ভাবনা থাকে। (Home Wall Colour)
ঠাকুরঘরের দেওয়ালে কোন রং করবেন?
পুজোর ঘর মানেই শান্তি, পবিত্রতা ও একাগ্রতার জায়গা। তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঠাকুরঘরের দেওয়ালে সাদা, হালকা হলুদ কিংবা ক্রিম রং ব্যবহার করা ভালো। প্রচলিত বিশ্বাস, এই রংগুলি পবিত্রতা ও ইতিবাচকতার প্রতীক। ফলে পুজোর ঘরে শান্ত পরিবেশ বজায় রাখতে এই রংগুলি বেছে নিতে পারেন।
তাই বাড়ি রং করানোর পরিকল্পনা থাকলে শুধু সৌন্দর্যের কথা নয়, প্রতিটি ঘরের ব্যবহার ও পরিবেশের কথা মাথায় রেখেও রং বেছে নিতে ভুলবেন না।














