রাজ্যে সরকারি চাকরির জন্য আবেদন করতে আর কোনও টাকা দিতে হবে না চাকরিপ্রার্থীদের। আবেদন ফি সম্পূর্ণ মকুব করার সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেন তিনি। শুধু আবেদন ফি মকুবই নয়, রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে ১০ হাজারের বেশি কর্মী নিয়োগের কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা। (Government Job Application Fee)
সরকারি চাকরির আবেদনে আর ফি নয়
এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করতে গিয়ে বেকার যুবক-যুবতীদের আর কোনও টাকা দিতে হবে না। এতদিন কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় সাধারণ শ্রেণির প্রার্থীদের তুলনামূলক বেশি আবেদন ফি দিতে হত। অন্যদিকে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় আবেদন করতে দিতে হত ৫০০ টাকা। এবার থেকে এই খরচ বহন করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর কথায়, “বেকার যুবক-যুবতীদের আর টাকা দিয়ে আবেদন করতে হবে না। রাজ্য সরকার সেই খরচ দেবে। চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং সংকীর্ণতার পরিচয়।” (Government Job Application Fee)
১০ হাজারের বেশি কর্মী নিয়োগ
এদিনের মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বিভিন্ন দফতরে কর্মী নিয়োগের সিদ্ধান্তের কথাও জানানো হয়। শুভেন্দু অধিকারী জানান, স্বাস্থ্য-সহ একাধিক সরকারি দফতরে মোট ১০ হাজার ১৪৭ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে কিছু পদে চুক্তিভিত্তিক নিয়োগও হবে। রাজ্যে মোট এক লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।
ডিসেম্বরে ১,৩৩১ জনকে নিয়োগপত্র
মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী ডিসেম্বর মাসে ১ হাজার ৩৩১ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। পাশাপাশি ২৬ হাজার চাকরি বাতিলের ঘটনার পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জানুয়ারির মধ্যে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে।
সরকারি চাকরির আবেদন ফি মকুব এবং নতুন নিয়োগের এই ঘোষণায় চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে কোন কোন পরীক্ষায় এই সিদ্ধান্ত কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশিকার অপেক্ষায় রয়েছেন চাকরিপ্রার্থীরা। (Government Job Application Fee)














