এবার ঘাট উদ্বোধন করতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে নদিয়ার কালীগঞ্জের গোবরায়। সাংসদের অভিযোগ, এদিন তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকেরা। শুধু কালো পতাকা দেখানোই নয়, সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া এবং গাড়ির কাচ ভাঙচুরের অভিযোগও উঠেছে। এই ঘটনার ফেসবুক লাইভ এসে পুলিশের ভূমিকা নিয়েও প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন মহুয়া মৈত্র।
ঘাট উদ্বোধনে যাওয়ার পথেই বিক্ষোভ
জানা গিয়েছে, মহুয়া মৈত্রের সংসদীয় বরাদ্দ অর্থে নদিয়ার কালীগঞ্জের গোবরায় শ্মশান সংলগ্ন এলাকায় স্নানের ঘাট তৈরি করা হয়েছে। সেই ঘাটের উদ্বোধন করতেই এদিন সেখানে যাচ্ছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকরা তাঁর গাড়ির পথ আটকে কালো পতাকা দেখাতে থাকেন। (Mahua Moitra Car Attack)
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পাশাপাশি তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং কাচ ভেঙে দেওয়া হয় বলেও দাবি করেছেন মহুয়া মৈত্র। আচমকা এই বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ আটকে পড়ে তাঁর গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।
ফেসবুক লাইভে এসে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ
ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি লাইভে আসেন মহুয়া মৈত্র। সেখানে গোটা ঘটনার বিবরণ তুলে ধরার পাশাপাশি কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। মহুয়া মৈত্রের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার জন্য কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। পুলিশের সামনেই তাঁর গাড়ি আটকে রাখা হয়, গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং ভাঙচুর চালানো হয়। অথচ পুলিশ কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা ঘটনা দেখেছে বলে দাবি সাংসদের।
এমনকি, বিক্ষোভকারীদের সরিয়ে গাড়ি যাওয়ার রাস্তা করে দেওয়ার পরিবর্তে পুলিশ তাঁকেই গাড়ি পিছিয়ে নিয়ে যাওয়ার কথা বলে বলে অভিযোগ করেছেন তিনি। পুলিশের এই ভূমিকা নিয়েই সরাসরি প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ।
সব মিলিয়ে, একটি স্নানের ঘাটের উদ্বোধনকে কেন্দ্র করে গোবরায় রাজনৈতিক উত্তেজনা এবং মহুয়ার ক্ষোভ প্রকাশের পরেই নতুন করে সরগরম হয়ে উঠেছে নদিয়ার রাজনীতি।












