ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

WhatsApp Web ব্যবহার করেন? হ্যাক হতে পারে অ্যাকাউন্ট, ওয়ার্নিং স্বরাষ্ট্রমন্ত্রকের

WhatsApp Web
---Advertisement---

কম্পিউটারে WhatsApp Web ব্যবহার করেন? অফিসের কাজ থেকে শুরু করে ব্যক্তিগত কথোপকথন, সব ক্ষেত্রেই এবার বাড়তি সতর্ক হওয়ার পরামর্শ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার নিরাপত্তা বিভাগ। WhatsApp Web-এর সক্রিয় লগইন সেশনকে কাজে লাগিয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত মেসেজ, কনট্যাক্ট এবং গ্রুপের কথোপকথনে অননুমোদিত ব্যক্তিরা প্রবেশ করতে পারে বলে সতর্ক করেছে ভারতীয় সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (I4C)। সেই সঙ্গে পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকাও জারি করা হয়েছে।

কেন WhatsApp Web নিয়ে সতর্কবার্তা?

I4C-এর জাতীয় সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট (NCTAU) তৈরি করেছে ‘Safe Use of WhatsApp Web’ শীর্ষক এই নির্দেশিকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একটি গ্রাফিকের মাধ্যমে সেটি প্রকাশ করা হয়েছে। বিশেষ করে অফিসের কম্পিউটার, শেয়ার করা ডিভাইস কিংবা পাবলিক কম্পিউটারে WhatsApp Web ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। কোনও সক্রিয় সেশনে অননুমোদিত প্রবেশ ঘটলে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে।

কী কী নির্দেশ দিয়েছে I4C?

নির্দেশিকায় বলা হয়েছে, WhatsApp Web-এ সরকারি, সাংগঠনিক, আর্থিক কিংবা গোপনীয় তথ্য আদানপ্রদান এড়িয়ে চলাই ভাল। কোনও সেশন দীর্ঘক্ষণ লগ-ইন অবস্থায় রাখা উচিত নয়। প্রতিবার ব্যবহার শেষে অবশ্যই লগ-আউট করতে হবে। শুধু ব্রাউজারের ট্যাব বা উইন্ডো বন্ধ করলেই লগ-আউট হয় না।

একান্ত প্রয়োজনে WhatsApp Web ব্যবহার করতে হলে প্রাইভেট ব্রাউজিং বা ইনকগনিটো মোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে এটি অতিরিক্ত সুরক্ষামাত্র, সম্পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা নয়। অচেনা বা পাবলিক কম্পিউটারে লগ-ইন না করা, অ্যাকাউন্টে অস্বাভাবিক কার্যকলাপ নজরে রাখা এবং অপারেটিং সিস্টেম, ব্রাউজার ও সিকিউরিটি সফটওয়্যার নিয়মিত আপডেট রাখার কথাও বলা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক ডাউনলোড, অজানা ফাইল ও ক্র্যাকড সফটওয়্যার এড়াতে বলা হয়েছে। অফিসের সংবেদনশীল কাজে WhatsApp Web ব্যবহার না করাই সংস্থাগুলির জন্য পরামর্শ। (WhatsApp Web)

পাকিস্তানি গুপ্তচরবৃত্তির যোগ?

এই সতর্কবার্তার নেপথ্যে রয়েছে একটি গুপ্তচরবৃত্তির তদন্ত। সেই তদন্তে উঠে এসেছিল, পাকিস্তান-ভিত্তিক গোয়েন্দা চক্রের সদস্যরা প্রতিরক্ষা সংক্রান্ত ৫০টিরও বেশি WhatsApp গ্রুপে অনুপ্রবেশ করেছিল। যদিও I4C-এর প্রকাশিত নির্দেশিকায় ওই তদন্তের সরাসরি উল্লেখ নেই।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now