পাত্রী একজনই, অথচ স্বামী দুই ভাই। শুনতে অবাক লাগলেও ভারতের হিমাচল প্রদেশের ইলি পাহাড়ি অঞ্চলে দীর্ঘদিন ধরে চলে আসছে এমন এক বিবাহপ্রথা। এই প্রথার নাম ‘জোড়িদারা’। হিমাচল প্রদেশের কিছু পরিবারের মধ্যে প্রচলিত এই রীতিতে একই পরিবারের এক মহিলা দুই বা তার বেশি ভাইকে বিয়ে করেন। কিন্তু কেন হয় এমন বিয়ে? কীভাবে সম্পন্ন হয় এই বিবাহ? আর ভারতীয় আইনে কি এই প্রথার স্বীকৃতি আছে?
Jodidara Marriage in India: কী এই জোড়িদারা প্রথা?
জোড়িদারা আসলে এক ধরনের ‘ফ্র্যাটার্নাল পলিঅ্যান্ড্রি’। অর্থাৎ, একজন মহিলা একই পরিবারের দুই বা তার বেশি ভাইকে বিয়ে করেন। হিমাচল প্রদেশের সিরমৌর জেলার ট্রান্স-গিরি এলাকার হাট্টি সম্প্রদায়ের কিছু পরিবারের মধ্যে এই প্রথা দেখা যায়।
২০২৫ সালের জুলাই মাসে এই প্রথা নতুন করে আলোচনায় আসে সুনীতা চৌহানের বিয়েকে কেন্দ্র করে। সংবাদ সংস্থা PTI-এর খবর অনুযায়ী, কুনহাট গ্রামের বাসিন্দা সুনীতা শিল্লাইয়ের প্রদীপ ও কপিল নেগি নামে দুই ভাইকে বিয়ে করেন। তিন দিন ধরে চলে বিয়ের অনুষ্ঠান। সুনীতা জানিয়েছিলেন, এই প্রথা সম্পর্কে তিনি আগে থেকেই জানতেন এবং নিজের ইচ্ছাতেই এই বিয়েতে সম্মতি দিয়েছেন।
কেন চালু হয়েছিল এই অদ্ভুত বিবাহপ্রথা?
এই প্রথার পিছনে রয়েছে মূলত জমি ও পরিবারের সম্পত্তি রক্ষার ভাবনা। পাহাড়ি এলাকায় কৃষিজমির পরিমাণ এমনিতেই কম। পরিবারের প্রত্যেক ভাই আলাদা করে বিয়ে করে সংসার শুরু করলে পৈতৃক জমি ভাগ হয়ে ছোট ছোট অংশে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। একই স্ত্রীকে বিয়ে করার ফলে ভাইদের সংসার একসঙ্গে থাকত। জমি ভাগ হওয়ার সম্ভাবনাও কমত। পাশাপাশি কৃষিকাজে পরিবারের সদস্যদের শ্রমও একসঙ্গে কাজে লাগানো যেত।
তবে আধুনিক সময়ে পাহাড়ি মানুষের জীবনযাত্রাও পাল্টেছে। চাকরি এবং কর্মসূত্রে ছেলেমেয়েরা নিজেদের জন্মস্থান ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় ধীরে ধীরে এই রীতি ক্রমশ কমছে।
কীভাবে হয় এই বিয়ে?
জোড়িদারা বিয়ের প্রচলিত অনুষ্ঠানকে ‘জাজদা’ বলা হয়। প্রথমে কনে শোভাযাত্রা করে পৌঁছয় পাত্রের গ্রামে। এরপর বরের বাড়িতে ‘সিনজ’ নামে একটি ধর্মীয় অনুষ্ঠান হয়। স্থানীয় ভাষায় মন্ত্রপাঠের পাশাপাশি পবিত্র জল ছিটিয়ে আচার পালন করেন পুরোহিত। শেষে পরিবারের কুলদেবতার আশীর্বাদ নিয়ে গুড় খাওয়ানোর মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
ভারতীয় আইনে এই বিয়ে কি বৈধ?
এই প্রশ্নের উত্তর অবশ্য এতটা সহজ নয়। হিন্দু বিবাহ আইন, ১৯৫৫ অনুযায়ী, বিয়ের সময় কোনও পক্ষেরই অন্য স্বামী বা স্ত্রী উপস্থিত থাকা চলবে না। এই শর্ত লঙ্ঘন করে বিয়ে হলে তা আইনত বাতিল হতে পারে। তবে এই আইনের ২(২) ধারায় তফসিলি উপজাতিভুক্তদের সাধারণভাবে আইনের আওতার বাইরে রাখা হয়েছে, যদি না কেন্দ্রীয় সরকার বিশেষ বিজ্ঞপ্তি জারি করে। ২০২৩ সালে হাট্টি সম্প্রদায়কে তফসিলি উপজাতির তালিকায় অন্তর্ভুক্ত করার আইন পাশ হলেও ২০২৪ সালের ৪ জানুয়ারি হিমাচল প্রদেশ হাই কোর্ট তার বাস্তবায়নে স্থগিতাদেশ দেয়। ২০২৬ সালের ২৬ অক্টোবরের আদালতের নথি অনুযায়ী, মামলার শুনানি শেষে রায় সংরক্ষিত রাখা হয়েছিল।
তবে এই মামলা জোড়িদারা বিয়েকে বৈধতা দেওয়ার মামলা নয়। কোনও প্রথাকে আইনি স্বীকৃতি পেতে হলে তার পক্ষে যথেষ্ট প্রমাণও দিতে হয়। ফলে শুধুমাত্র দীর্ঘদিন ধরে কোনও রীতি চলে আসছে বলেই সেই বিয়ে আইনত বৈধ হয়ে যায় না। কাজেই এই ধরনের বিয়ের বৈধতা নিয়ে একটি প্রশ্ন এখনও থেকেই গিয়েছে।













