কুশল চক্রবর্তী
১৯৬৯ সালের ২০ জুলাইয়ের দৈনিক সংবাদপত্রগুলো ভরা ছিল তার আগের দিন, মানে ১৯ জুলাইয়ের ভারতীয় ব্যাঙ্ক জাতীয়করন অর্ডিন্যান্স সংক্রান্ত খবর নিয়ে। একদিকে যেমন ছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সদিচ্ছার প্রশংসা অন্যদিকে তেমনই ছিল চক্রবর্তী রাজাগোপালাচারি, দেনা ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদার চেয়ারম্যান, শিল্পপতি অরবিন্দ মফতলাল, সীতারাম জয়পুরিয়া, লালচাঁদ হিরালালের মতো আরও অনেকের বিরোধিতা। আর তা আরও বেড়েছিল তৎকালীন জনসংঘের কানোয়ার লাল গুপ্তের পার্লামেন্টে তীব্র বিরোধিতার মধ্যে দিয়ে। আর জনসঙ্ঘের আরেক নেতা বলরাজ মোদক তো সুপ্রিম কোর্টে এই বিলের বিরোধিতা করে মামলাই করে ফেলেছিলেন। এমনকি ১৯৬৯ সালের ৪ অগস্ট যে দিন এই ব্যাঙ্কিং বিল পাশ হয়, সেদিন সদলবলে জনসঙ্ঘ দলের প্রতিনিধিরা লোকসভা থেকে ওয়াক আউট করে এই বিলের সর্বাত্মক বিরোধিতা করেছিলেন (Nationalised Bank Profit)।
আর আজ সেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সমূহ এই অর্ধ বছরে (২০২৬-২৭) আগেকার লাভের সব রেকর্ড ম্লান করে দিয়েছে। আনুমানিক এই লাভের পরিমাণ এসে দাঁড়িয়েছে ১.১০ লক্ষ কোটি টাকা (Nationalised Bank Profit)। যা কিনা গত বছরে এই সময়ের লাভ ৯৩৭০০ কোটি টাকা থেকে ১৬.৯% বেশি। শুধু তাই নয়, এবছরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ব্যবসা গত বছরের তুলনায় ১৫.৫% বেড়ে হয়েছে আনুমানিক ৩০১.৬ লক্ষ কোটি টাকা। বলতে গেলে এই প্রথম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ব্যবসা ৩০০ লক্ষ কোটি ছাড়িয়ে গেল। এমনকি ব্যাঙ্ক ব্যবসার অন্যতম মাথাব্যথার কারণ অনুৎপাদক সম্পদ অনেক কমে এসে দাঁড়িয়েছে ১.৬৯% (Nationalised Bank Profit)।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যবস্থার এই যে অগ্রগতি তা অবশ্যই সরকারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে। কিন্তু তাতে কি প্রদীপের নিচে অন্ধকারের মতো এই ব্যাঙ্ক ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন তুলে ধরা থেকে মানুষকে বিরত রাখবে?
যেমন ধরা যাক, এই রকম যখন লাভ হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের, তখনও দেখা গেছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নতুন শাখা খোলার প্রতি অনীহা। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো অনেক বেশি ডিজিটাল ব্যাঙ্কিং, গ্রাহক মিত্র বা সিএসপি-এই ধরনের সুবিধা সাধারন মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে। কিন্তু ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবার সুবিধা পাওয়া থেকে বঞ্চিত স্থানে শাখা খুলে গরীব বা নিম্নবিত্তের কাছে অনেক সহজে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবার চেষ্টা করছে কি?
কিন্তু অন্য দিকে প্রাইভেট ব্যাঙ্কগুলো এখন অনেক বেশী শাখা বাড়ানোর দিকে মন দিয়েছে। সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো কর্মীর অভাবে নানা রকম গ্রাহক পরিষেবা ঠিক মতো দিতে পারছে না। ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর চিরকালীন অঙ্গীকার ছিল গ্রাহকের প্রতি সহানুভূতির সঙ্গে কাজ করা।
এমনকি প্রতিটি ব্যাঙ্কই তাদের কর্মচারীদের সব সময়ই উৎসাহিত করেছে গ্রাহক পরিষেবার মান উন্নয়নের জন্য। কিন্তু এখন যে কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গেলেই বোঝা যাবে, এই পরিমাণ কর্মচারী দিয়ে এই বিশাল গ্রাহকের সঠিক পরিষেবা দেওয়া একেবারেই সম্ভব নয়। অথচ দেশের এই চরম বেকারত্বের সময় ব্যাঙ্কই হয়তো হয়ে উঠতে পারত নবীন প্রজন্মের চাকরির আদর্শ জায়গা। পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ সালে যেখানে সরকারি ব্যাঙ্কের কর্মী সংখ্যা ছিল ৭,৪৭,৭০৭, ২০২৫-২৬ সালে সেই কর্মী সংখ্যা কমে এসে দাঁড়িয়েছে ৬,৮২,৪৭৬। কিন্তু ব্যাঙ্কের ব্যবসা বেড়েছে অনেক গুন, কাজের চাপ বেড়েছে লাফিয়ে।
একটা পরিসংখ্যান এমন কথাও বলছে, ৮২% ব্যাঙ্ক কর্মচারী নানা রকম ব্যাধিতে ভুগছে কাজের চাপে। এমন
কি বিগত ৫ বছরে কাজের চাপে প্রায় ৪৫ জন ব্যাঙ্ক কর্মচারী আত্মহননের পথ বেঁছে নিয়েছেন।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এই সাফল্য তার জন্য অবশ্যই সাধুবাদ দিতে হয় ব্যাঙ্কের সঙ্গে জড়িত প্রতিটি মানুষকে। কিন্তু ঘর পোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, তেমনই ব্যাঙ্কের সঙ্গে জীবন জীবিকা জড়িয়ে আছে যে সব মানুষের, তাঁরাও ভয় পান প্রভূত লাভ করা ব্যাঙ্ক আইডিবিআই ব্যাঙ্কের সদ্য ঘটে যাওয়া পরিণতি দেখে।














