গ্রাহকদের সুবিধাই শেষ কথা। এটা নিয়ে বড় নির্দেশ দিল ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বা TRAI। গ্রাহকদের পক্ষে বাধ্যতামূলক রিচার্জ প্ল্যান এবং বিশেষ ট্যারিফ ভাউচার খুঁজে পাওয়া কঠিন। এমন অভিযোগ ভুরি ভুরি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে TRAI নির্দেশ দিয়েছে, টেলিকম সংস্থাগুলো যেন তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন এবং নিজস্ব বিক্রয়কেন্দ্রগুলিতে এই প্ল্যান ও ভাউচারগুলি রিচার্জ ট্যাবের প্রথমে রাখে। যাতে সহজেই গ্রাহকেরা এই প্ল্যানগুলি দেখতে পান (TRAI)।
পিটিআই-এর একটি প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার জারি করা এক নির্দেশিকায় TRAI জানিয়েছে, সমস্ত টেলিকম পরিষেবা প্রদানকারীকে তাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে “TRAI-Mandated Packs” (ট্রাই-নির্দেশিত প্যাক) নামে একটি আলাদা ট্যাব তৈরি করতে হবে। প্রিপেইড রিচার্জ বিভাগের প্রথম বিকল্প হিসেবে এই ট্যাবটি থাকতে হবে এবং অন্যান্য নিজস্ব বিক্রয়কেন্দ্রগুলিতেও এটি যাতে স্পষ্টভাবে দেখা যায় সেটাও নিশ্চিত করতে হবে (TRAI)।
TRAI: TRAI-এর নির্দেশ
বৃহস্পতিবার প্রকাশিত একটি সরকারি নির্দেশিকা অনুযায়ী, টেলিকম সংস্থাগুলির জন্য কয়েকটি ম্যান্ডেটারি রিচার্জ প্ল্যান তৈরির জন্য বাধ্যতামূলক নির্দেশিকা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, ৩০ দিনের রিচার্জ প্ল্যান ডেটা ছাড়া শুধুমাত্র ভয়েস কলিং ও SMS প্যাক। অনেকের অভিযোগ ছিল, TRAI এর নির্দেশ দিলেও টেলিকম সংস্থাগুলি এই ধরনের প্ল্যান লঞ্চ করলেও সেগুলিকে রাখা হতো অনেক ভিতরে। প্ল্যানগুলি দীর্ঘক্ষণ ধরে খুঁজতে হতো। ফলে যারা সড়গড় নন, তাঁরা খুঁজে পেতেন না। TRAI-এর নতুন নির্দেশিকায় রিচার্জ প্ল্যাটফর্মে একটি ট্যাব তৈরি করতে হবে। যার নাম দিতে হবে TRAI-Mandated Packs। সমস্ত রিচার্জ প্ল্যানের প্রথমে এই ট্যাবটিকে প্লেস করতে হবে। ফলে যাঁরা এই প্ল্যানগুলি দিয়ে রিচার্জ করতে চান তাঁরা সহজেই খুঁজে পান।
এর সুবিধা কী?
অ্যাপ বা ওয়েবসাইটের রিচার্জ সেকশনে TRAI-Mandated Packs নামে একটি আলাদা ট্যাব সবার প্রথমে থাকবে। ফলে অতিরিক্ত খোঁজাখুঁজি করতে হবে না। যেসব গ্রাহক ইন্টারনেট ডেটা ব্যবহার করেন না বা যাদের ডেটার প্রয়োজন নেই, তারা অবাঞ্ছিত ডেটা প্যাক বা ব্যয়বহুল কম্বো প্ল্যান কিনতে বাধ্য হবেন না। কম খরচের সস্তা প্ল্যান বা স্পেশাল ট্যারিফ ভাউচারগুলো (STV) সহজে দেখতে পাওয়ার ফলে সাধারণ ও কম উপার্জনকারী গ্রাহকদের মাসিক খরচ অনেকটাই কমবে।












