আন্তর্জাতিক সফরে মোবাইল ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ করতে বড় পদক্ষেপ নিতে চলেছে হোয়াটসঅ্যাপ। এবার সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই কেনা এবং চালু করা যাবে ডেটা ই-সিম। এই পরিষেবা চালু করতে ভারতে রিলায়েন্স জিও-র সঙ্গে কাজ করছে জনপ্রিয় মেসেজিং সংস্থাটি। প্রাথমিকভাবে ভারত-সহ কয়েকটি নির্বাচিত দেশে এই পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। ফলে বিদেশে গিয়েও ইন্টারনেট সংযোগ পেতে আর আলাদা করে সিম কেনার ঝামেলা পোহাতে হবে না ব্যবহারকারীদের। (WhatsApp eSIM)
হোয়াটসঅ্যাপ থেকেই কেনা যাবে ই-সিম
হোয়াটসঅ্যাপের তরফে একটি ব্লগে নতুন পরিষেবার কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের সময় কয়েকটি সহজ ধাপেই ডেটা ই-সিম কেনা এবং ফোনে চালু করা যাবে। এর জন্য হোয়াটসঅ্যাপ ছেড়ে অন্য কোনও মঞ্চে যেতে হবে না। ভারতে এই পরিষেবা চালু করতে রিলায়েন্স জিও-র সঙ্গে হাত মিলিয়েছে সংস্থাটি। জিও দেশের বৃহত্তম টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা। আগামী দিনে অন্যান্য টেলিকম সংস্থাকেও এই পরিষেবার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। (WhatsApp eSIM)
ই-সিমের ব্যালান্স ও মেয়াদও জানা যাবে
প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের ২.২৬.৪৭.১০ সংস্করণের আগে নতুন ই-সিম পরিষেবার ইঙ্গিত পাওয়া গিয়েছে। এই সুবিধার মাধ্যমে অ্যাপ থেকেই ই-সিম কেনার পাশাপাশি পরিষেবার ব্যালান্স এবং মেয়াদও পরীক্ষা করা যাবে। ফলে বিদেশে বেড়াতে গেলে ইন্টারনেট সংযোগ নিয়ে চিন্তা অনেকটাই কমবে। হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী কুণাল শাহ জানিয়েছেন, বিশ্বের যে কোনও প্রান্তে গিয়েও যাতে ব্যবহারকারীরা নির্বিঘ্নে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন, সেই লক্ষ্যেই ই-সিম পরিষেবা নিয়ে প্রাথমিক কাজ শুরু হয়েছে। এই উদ্যোগে বিভিন্ন দেশের সহযোগী সংস্থাকেও যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে হোয়াটসঅ্যাপ। (WhatsApp eSIM)
হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর সময় নির্ধারণ
শুধু ই-সিম নয়, ব্যবহারকারীদের জন্য আরও একটি নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। এবার থেকে নির্দিষ্ট সময়ের জন্য বার্তা পাঠানোর সময় আগেই নির্ধারণ করা যাবে। ১০ মিনিট থেকে ১৪ দিন আগে পর্যন্ত লেখা বার্তা, ছবি এবং ভিডিয়ো পাঠানোর সময় ঠিক করা সম্ভব হবে। ব্যক্তিগত কথোপকথনের পাশাপাশি গোষ্ঠীগত কথোপকথনেও এই সুবিধা পাওয়া যাবে।ভারতে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটিরও বেশি। দেশের বাজারে পরিষেবা আরও জনপ্রিয় করতে এবং ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেও নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে সংস্থাটি। নতুন ই-সিম এবং বার্তা পাঠানোর সময় নির্ধারণের সুবিধা সেই উদ্যোগেরই অংশ। (WhatsApp eSIM)














