বর্তমানে ভারতে হট-কচুরির মতো বিক্রি হচ্ছে সনিয়া গান্ধীর আত্মজীবনী Belongings. ব্লিঙ্কইট থেকে শুরু করে অফলাইন স্টোর সবেতেই ভিড়। ডিস্কাউন্ট দিয়ে সাড়ে আটশো টাকার এই বইয়ের এত সাড়া জাগাবে সেটা সনিয়া গান্ধী হয়তো আন্দাজ করতে পারেননি। আর হার্ড কপির পাশাপাশি চাহিদা বাড়ছে ই-বুকেরও। কারণ সাড়ে আটশো টাকা দিয়ে বই কেনার থেকে অনেকে সস্তায় বা বিনে পয়সায় বই কেনার দিকে ঝুঁকছেন। তা শুধু সনিয়া গান্ধীর আত্মজীবনী নয়, অনেক বই-ই। আর এতে বাড়ছে বিপদ (E book download warning)।
ট্রেনে-বাসে যাতায়াতের সময় বা রাতে ঘুমোতে যাওয়ার আগে মোবাইলে গল্পের বই পড়তে অনেকে পছন্দ করেন। এর কারণ, মোবাইল ব্যবহার করা অনেক সহজ এবং হ্যান্ডি (E book download warning)। কিন্তু ই-বুকের ব্যবসা ভারতে সংগঠিত না হওয়ায় অনেকেই নতুন কোনও বই বেরোলে তা কেনার বদলে গুগল-এ গিয়ে ‘ফ্রি পিডিএফ ডাউনলোড’ লিখে সার্চ করেন। কেউ আবার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের অচেনা গ্রুপ থেকে দেদার ই-বুক ডাউনলোড করে পড়েন। আপাতদৃষ্টিতে পকেটের টাকা বাঁচানোর এই কৌশলটি বেশ বুদ্ধিমানের মনে হলেও, সাইবার বিশেষজ্ঞরা দিচ্ছেন কড়া সতর্কবার্তা। অচেনা উৎস থেকে ফ্রি ই-বুক ডাউনলোডের এই নেশা আপনাকে মারাত্মক সাইবার অ্যাটাক থেকে শুরু করে আইনি জটিলতা— দুয়েরই মুখে ঠেলে দিতে পারে!
ঠিক কীভাবে পাতা থাকে বিপদের ফাঁদ?
১) পিডিএফ-এর আড়ালে ম্যালওয়্যার ও র্যানসমওয়্যার
অনেকেই ভাবেন, একটি সাধারণ পিডিএফ (PDF) ফাইল থেকে আর কী-ই বা ক্ষতি হতে পারে! কিন্তু সাইবার অপরাধীরা এখন অত্যন্ত ধূর্ত। ফ্রি বই দেওয়ার নাম করে যেসব পাইরেটেড ওয়েবসাইট চলে, তারা অনেক সময় পিডিএফ ফাইলের ভেতরেই ক্ষতিকর কোড বা ম্যালওয়্যার ঢুকিয়ে দেয়। আবার অনেক সময় ‘ডাউনলোড’ বাটনে ক্লিক করলে বইয়ের বদলে ফোনে একটি ভুয়ো অ্যাপ ডাউনলোড হয়ে যায়। সেটি ইনস্টল করলেই হ্যাকাররা আপনার ফোনের দখল নিয়ে নেয়। এর ফলে আপনার গ্যালারির ব্যক্তিগত ছবি, পাসওয়ার্ড এবং ব্যাঙ্কের ওটিপি সরাসরি অপরাধীদের হাতে চলে যেতে পারে। এমনকি ল্যাপটপ বা ফোনের সমস্ত জরুরি ফাইল ‘র্যানসমওয়্যার’ দিয়ে লক করে দিয়ে মোটা অঙ্কের টাকাও দাবি করতে পারে হ্যাকাররা।
২) ফিশিং লিঙ্ক ও বিজ্ঞাপনের গোলকধাঁধা
পাইরেটেড ই-বুকের সাইটগুলোতে ঢুকলেই দেখবেন স্ক্রিনে একের পর এক বিরক্তিকর পপ-আপ বিজ্ঞাপন আসছে। অনেক সময় হঠাৎ স্ক্রিনে লাল রঙে ভেসে ওঠে— “আপনার ফোনে ভাইরাস ঢুকেছে, এখনই ক্লিন করুন!” ভয়ে সেই লিঙ্কে ক্লিক করলেই সর্বনাশ। আবার কিছু ওয়েবসাইট ফ্রি বই ডাউনলোড করার শর্ত হিসেবে আপনার জিমেইল, ফোন নম্বর বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ‘লগ-ইন’ করতে বলে। এগুলো আসলে ফাঁদ। এর মাধ্যমে আপনার ব্যক্তিগত ডেটা চুরি করে ডার্ক ওয়েবে বিক্রি করে দেওয়া হয়, যার ফলস্বরূপ আপনার কাছে লাগাতার স্প্যাম কল এবং জালিয়াতির মেসেজ আসতে শুরু করে।
৩) কপিরাইট আইন ও জটিলতা:
প্রযুক্তিগত বিপদের পাশাপাশি এর একটি বড় আইনি দিকও রয়েছে। লেখক বা প্রকাশকের অনুমতি ছাড়া কপিরাইটযুক্ত কোনও বইয়ের পিডিএফ কপি ইন্টারনেট থেকে ডাউনলোড করা বা বিভিন্ন গ্রুপে শেয়ার করা ভারতের ‘কপিরাইট আইন, ১৯৫৭’ (Copyright Act) অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ। এটি সরাসরি ডিজিটাল পাইরেসির আওতায় পড়ে। অনেক বড় প্রকাশনা সংস্থা এখন নিয়মিত এই ধরনের পাইরেটেড সাইট ও গ্রুপের ওপর নজরদারি চালায়। ধরা পড়লে আইনি নোটিস পাওয়া থেকে শুরু করে মোটা অঙ্কের জরিমানা, এমনকি আইনি জটিলতায় জড়িয়ে পড়ার ঝুঁকিও থাকে। পাশাপাশি, এতে লেখক ও প্রকাশকরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
নিরাপদে ও আইনিভাবে ই-বুক পড়বেন কীভাবে?
ই-বুক পড়ার জন্য সব সময় অ্যামাজন কিন্ডল (Amazon Kindle), গুগল প্লে বুকস (Google Play Books) বা প্রতিষ্ঠিত কোনও বইয়ের অ্যাপ ব্যবহার করুন। এখানে নামমাত্র মূল্যে বা সাবস্ক্রিপশনের মাধ্যমে হাজার হাজার বই নিরাপদে পড়া যায়।
সরকারি ও ফ্রি ডিজিটাল লাইব্রেরি: পয়সা খরচ না করেই সম্পূর্ণ বৈধ ও নিরাপদভাবে বই পড়তে চাইলে ভারত সরকারের ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া (NDLI), ‘প্রজেক্ট গুটেনবার্গ’ বা ‘ওপেন লাইব্রেরি’-র মতো পোর্টালগুলো ব্যবহার করতে পারেন।
আজকের টোটকা
ইন্টারনেট থেকে কোনও বই বা নথি ডাউনলোড করার পর সেটি খোলার আগে ফাইলের নামের একেবারে শেষের অংশটি (Extension) ভালো করে দেখে নিন। আসল ই-বুকের শেষে সাধারণত .pdf বা .epub লেখা থাকে। যদি দেখেন বইয়ের নামের শেষে .apk, .exe বা .zip লেখা রয়েছে, তবে ভুলেও তাতে ক্লিক করবেন না— ওটি নিশ্চিতভাবেই কোনও ভাইরাস বা হ্যাকিং সফটওয়্যার। এক মুহূর্ত দেরি না করে ফাইলটি ফোন থেকে ডিলিট করে দিন।














