প্রেমানন্দ মহারাজের আশ্রমে যাওয়ার জন্য ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকে ৫ কোটি টাকা দেওয়া হয়েছিল—এমনই বিস্ফোরক দাবি ঘিরে সম্প্রতি শুরু হয়েছিল বিতর্ক। তবে সেই দাবি সরাসরি খারিজ করে দিলেন বিরাট কোহলি। সম্প্রতি বিরাটের টিম একটি বিবৃতি শেয়ার করে। যেখানে বলা হয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং তথ্যগত ভাবে ভুল। (Virat Kohli Premanand Maharaj)
সম্প্রতি শ্রীকৃষ্ণ জন্মভূমি সংগ্রাম ন্যাসের সভাপতি ফলাহারি মহারাজ দীনেশ শর্মা দাবি করেন, বৃন্দাবনের রাধা কেলি কুঞ্জ আশ্রমে বিরাটকে নিয়ে আসার জন্য ৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। তাঁর দাবি ছিল, এর মাধ্যমে প্রেমানন্দ মহারাজের জনপ্রিয়তা আরও বাড়ানোর চেষ্টা করা হয়েছিল।
এই অভিযোগের জবাবে বিরাটের টিমের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, প্রেমানন্দ মহারাজের প্রতি গভীর বিশ্বাস ও শ্রদ্ধা থেকেই বিরাট ও অনুষ্কা আশ্রমে যান। টাকা নিয়ে সেখানে যাওয়ার অভিযোগের কোনও সত্যতা নেই। একই সঙ্গে সংবাদমাধ্যমকে কোনও বক্তব্য প্রকাশ বা প্রচারের আগে তথ্য যাচাই করারও অনুরোধ করেছে বিরাটের টিম।
বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মা দীর্ঘদিন ধরেই প্রেমানন্দ মহারাজের আশ্রমে যাতায়াত করেন। ২০২৩ সালের ৪ জানুয়ারি তাঁদের প্রথম উল্লেখযোগ্য সাক্ষাৎ হয়। এরপরও একাধিকবার তাঁরা আশ্রমে গিয়েছেন। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরাট সরে দাঁড়ানোর পরও তাঁদের এই যাতায়াত অব্যাহত রয়েছে।
বেঁধে দিলেন তিন লক্ষ্য, প্রশাসক হিসেবে ২৫ বছরের পথচলায় নতুন ডাক মোদির
এদিকে প্রেমানন্দ মহারাজের আশ্রমকে ঘিরে অন্য একটি ঘটনাতেও তদন্ত চলছে। গত ২৫ সেপ্টেম্বর আশ্রমের চারতলা থেকে পড়ে মৃত্যু হয় তাঁর এক শিষ্য রসিক দুলারির। ঘটনাটি ঘিরে তদন্তে নেমেছে মথুরা পুলিশ। ওই ব্যক্তি মানসিক চাপ বা অবসাদে ভুগছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীরা তাঁর আশ্রমে আসার আগের জীবন, আচরণে কোনও পরিবর্তন হয়েছিল কি না, পুরনো মোবাইল, নতুন সিম, কল ডিটেল, চ্যাট-সহ বিভিন্ন ডিজিটাল তথ্য পরীক্ষা করছেন। শেষ কয়েক দিনে তিনি কার সঙ্গে যোগাযোগ করেছিলেন, সেটিও জানার চেষ্টা চলছে। (Virat Kohli Premanand Maharaj)
এখনও পর্যন্ত এই ঘটনায় ৮৫ জনের বয়ান রেকর্ড করেছে পুলিশ। তবে বিরাটকে ৫ কোটি টাকা দেওয়ার দাবির পক্ষে এখনও কোনও প্রমাণ সামনে আসেনি।











