মঞ্চে তখনও গান গাইছেন বলিউডের অন্যতম বিখ্যাত গায়িকা শিল্পা রাও। অথচ গান শেষ হওয়ার আগেই বন্ধ হয়ে গেল মাইক্রোফোন। শুধু তাই নয়, দর্শকদের উদ্দেশে কিছু বলার সময়ও মাঝপথে থামতে হলো তাঁকে। এমনই ঘটনার সাক্ষী থাকল মুম্বইয়ের বলিউড মিউজিক প্রজেক্টের (বিএমপি) দশম বর্ষপূর্তির অনুষ্ঠান। গত ২৪ অক্টোবরের এই ঘটনায় ক্ষুব্ধ দর্শকদের একাংশ। শিল্পীকে এভাবে মাঝপথে থামিয়ে দেওয়ার জন্য আয়োজকদের বিরুদ্ধে উঠেছে অব্যবস্থাপনার অভিযোগও। ঘটনার পর সমাজমাধ্যমে নিজের খারাপ লাগার কথা জানিয়েছেন শিল্পা রাও। পরে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে অনুষ্ঠান কর্তৃপক্ষও।
Shilpa Rao Performance: মাঝপথে বন্ধ গান, ক্ষুব্ধ দর্শক
সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায়, অনুষ্ঠানের নির্ধারিত সময়ের তুলনায় দেরি হওয়ায় গান শেষ করার আগেই শিল্পা রাওয়ের মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। দর্শকদের ধন্যবাদ জানিয়ে কিছু বলার চেষ্টা করলেও শেষ করতে পারেননি তিনি। অভিযোগ, সেই সময়ই পরবর্তী শিল্পী কুটলে খান ও তাঁর ‘কুটলে খান প্রজেক্ট’-এর অনুষ্ঠান শুরু হয়ে যায়। মঞ্চে তখনও উপস্থিত ছিলেন শিল্পা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় অবাক হয়ে যান সকলে।
এই ঘটনায় সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দেন দর্শকদের একাংশ। তাঁদের অভিযোগ, বারবার মাইক্রোফোনে সমস্যা হওয়া থেকে শুরু করে গান চলাকালীন শব্দ বন্ধ করে দেওয়া—সব মিলিয়ে শিল্পীর প্রতি অসম্মানজনক আচরণ করেছেন আয়োজকরা। কেউ কেউ জানিয়েছেন, বিশেষ করে শিল্পা রাওয়ের গান শোনার জন্যই টিকিট কেটেছিলেন তাঁরা।
‘আমার হৃদয়ের একটা অংশ ভেঙে গেল’: শিল্পা
ঘটনার পর ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা দেন শিল্পা রাও। তিনি লেখেন, ‘মুম্বই, আজ আমার হৃদয়ের একটা ছোট্ট অংশ ভেঙে গেল। এত সুন্দর একটা মুহূর্ত এভাবে কেড়ে নেওয়া হয়েছে, যা খুব কষ্টের।’ তবে গান থেমে গেলেও দর্শকদের ভালোবাসা থামেনি বলে জানান তিনি। শিল্পার কথায়, অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পরেও দর্শকরা তাঁর নাম ধরে ডাকছিলেন। সেই ভালোবাসার জন্য তাঁদের ধন্যবাদ জানিয়ে শিল্পা লেখেন, তাঁদের গল্প অসম্পূর্ণ থেকে গেলেও তিনি আবার মুম্বইয়ে ফিরবেন।
প্রয়াত প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী, বাংলার শিল্পজগতে শোকের ছায়া
ক্ষমা চাইল অনুষ্ঠান কর্তৃপক্ষ
ঘটনা নিয়ে বিতর্ক বাড়তেই শনিবার রাতে বিবৃতি দেয় বিএমপি কর্তৃপক্ষ। শিল্পা রাওয়ের কাছে ক্ষমা চেয়ে তাঁর প্রতিভা ও সঙ্গীতজীবনের প্রতি শ্রদ্ধার কথা জানায় তারা। (Shilpa Rao Performance)
আয়োজকদের দাবি, একাধিক শিল্পীকে নিয়ে বড় অনুষ্ঠানে আগের পরিবেশনা নির্ধারিত সময়ের বেশি চললে সূচিতে সমস্যা তৈরি হতে পারে। তার উপর স্থানীয় প্রশাসনের নির্দেশিকা এবং অনুষ্ঠানস্থলের সময়সীমা মেনে চলার বাধ্যবাধকতা থাকায় শিল্পার অনুষ্ঠান আগেভাগে শেষ করতে হয়। যদিও এই পরিস্থিতিতে তাঁর সম্পূর্ণ পরিবেশনা দর্শকদের সামনে তুলে ধরতে না পারার জন্য দুঃখপ্রকাশ করেছে কর্তৃপক্ষ।
তবে আয়োজকদের এই ব্যাখ্যায় বিতর্ক কতটা কমে, এখন সেটাই দেখার।











