দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপ। নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’। ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়। আগামী ২ নভেম্বর আরও শক্তি বাড়িয়ে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ৩ নভেম্বর সকালে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত স্বাভাবিকই থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। ফলে মূলত অন্ধ্রপ্রদেশ ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতে এর প্রভাব পড়তে পারে। তবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে ১ থেকে ৩ নভেম্বরের মধ্যে রাজ্যের কয়েকটি জায়গায় হালকা ও স্বল্পস্থায়ী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update)
৩ নভেম্বর অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে
আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর নাম ‘মুরাসু’। এটি তামিলনাড়ুর দেওয়া একটি ভারতীয় নাম। আগামী ২ নভেম্বর ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে ‘সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’-এ পরিণত হতে পারে। ৩ নভেম্বর সকালে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের নেলোর থেকে আরসাকুড়ির মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। (Weather Update)
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আগামী তিন দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে ঘূর্ণিঝড়টি দূরে সরে যাওয়ার পর আগামী চার থেকে পাঁচ দিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সেই সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।
পশ্চিমের জেলায় নামবে তাপমাত্রা
পরবর্তী সময়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রিতে নামতে পারে। পশ্চিমের জেলাগুলিতে পারদ আরও কিছুটা কমে ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে পৌঁছতে পারে। অর্থাৎ শীতের আমেজ ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে কালীপুজোর সময় আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু জানায়নি হাওয়া অফিস। পরিস্থিতির উপর নজর রেখে পরবর্তী সময়ে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হবে। (Weather Update)











