বাসে উঠলেই এবার গুনতে হতে পারে ১৮ টাকা। কলকাতায় বেসরকারি বাসের ন্যূনতম ভাড়া বাড়ানোর প্রস্তাব দিল বাস মালিকদের সংগঠন। বর্তমানে যে ভাড়ায় বাসে যাতায়াত করছেন যাত্রীরা, তার তুলনায় অনেকটাই ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছে। ২০১৮ সালের পর থেকে রাজ্যে সরকারি ভাবে বেসরকারি বাসের ভাড়া বাড়েনি। এবার সেই ভাড়া বাড়ানোর দাবিতে ফের সরব হয়েছেন বাস ও মিনিবাস মালিকরা। (Kolkata Bus Fare Hike)
পরিবহণমন্ত্রীকে চিঠি বাস মালিক সংগঠনের
সোমবার রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংকে ফের চিঠি দিয়েছে ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস’। সেখানে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। সংগঠনের দাবি, বর্তমান পরিস্থিতিতে বাস চালানোর খরচ সামলাতে ভাড়া পুনর্নির্ধারণ করা প্রয়োজন। চিঠিতে দূরত্ব অনুযায়ী নতুন ভাড়ার একটি খসড়াও জমা দেওয়া হয়েছে। কলকাতার সাধারণ বাসের ক্ষেত্রে প্রথম ৪ কিলোমিটারের জন্য ১৮ টাকা ভাড়া ধার্য করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ, এই প্রস্তাব কার্যকর হলে বাসে উঠলেই যাত্রীদের দিতে হবে ১৮ টাকা। (Kolkata Bus Fare Hike)
কলকাতায় কত হতে পারে নতুন বাসভাড়া?
বাস মালিকদের প্রস্তাব অনুযায়ী, কলকাতায় প্রথম ৪ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১৮ টাকা। ৪ থেকে ৬ কিলোমিটার পর্যন্ত ২০ টাকা এবং ৬ থেকে ৮ কিলোমিটার পর্যন্ত ২২ টাকা ভাড়া করার দাবি জানানো হয়েছে। ৮ থেকে ১২ কিলোমিটারের জন্য প্রস্তাবিত ভাড়া ২৪ টাকা।এছাড়া ১৬ থেকে ২০ কিলোমিটার যাতায়াতের ক্ষেত্রে ২৮ টাকা এবং ২০ থেকে ২২ কিলোমিটারের জন্য ৩০ টাকা ভাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
জেলা ও এসি বাসের ভাড়াও বাড়ানোর দাবি
শুধু কলকাতা নয়, জেলার বাসগুলির ভাড়া বাড়ানোর প্রস্তাবও দিয়েছে সংগঠন। জেলার সাধারণ বাসে প্রথম ৪ কিলোমিটারের জন্য ২০ টাকা ভাড়া চাওয়া হয়েছে। এরপর প্রতি কিলোমিটারে ১ টাকা ২০ পয়সা করে ভাড়া বাড়ানোর প্রস্তাব রয়েছে।এক্সপ্রেস বাসের ক্ষেত্রে প্রথম ৪ কিলোমিটারের ভাড়া ২৫ টাকা করার দাবি জানানো হয়েছে। অন্যদিকে, সাধারণ এসি বাসে প্রথম ৪ কিলোমিটারের জন্য ৪০ টাকা ভাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। (Kolkata Bus Fare Hike)
এর আগেও পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে বাস মালিক সংগঠনগুলির বৈঠক হয়েছিল। পুজোর পর বাসভাড়া নিয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। এবার নতুন করে চিঠি দেওয়ায় ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা আবার শুরু হতে চলেছে। তবে বাস মালিকদের এই প্রস্তাবে রাজ্য সরকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।










