ঘূর্ণিঝড় অর্ণব স্থলভাগে প্রবেশের পর ইতিমধ্যেই শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ছত্তিশগড়ের দিকে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় আরও দুর্বল হতে পারে। তবে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা।
হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্ণবের প্রভাবে আজ পর্যন্ত বাংলার উপকূলবর্তী সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।
Weather Update: দক্ষিণবঙ্গে কোথায় ভারী বৃষ্টি?
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের দু-এক জায়গায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যান্য জেলাতেও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। তবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত দু-এক জায়গায় হালকা বৃষ্টি হলেও অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট
বৃহস্পতিবার দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দু-এক জায়গায় ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। (Weather Update)
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি এবং বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে ফের বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।











