প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় বদলেছে আবহাওয়ার চেহারা। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। বুধবার ভোর ২টো থেকে সকাল ৮টার মধ্যে ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হয়। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছেছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটারে। এরপর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শক্তি হারাতে শুরু করে ঘূর্ণিঝড়টি। (Weather Update ) আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে ঘূর্ণিঝড়টি উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম এলাকায় অবস্থান করছে। নারসাপুর থেকে ২০ কিলোমিটার এবং ইয়ানাম থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে সেটি। বর্তমানে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার। (Weather Update )
কলকাতায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা
ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তন এসেছে। গত ২৪ ঘণ্টায় কলকাতার আলিপুরে ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সাগরেও ২০ মিলিমিটার বৃষ্টির খবর মিলেছে। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুরে ৫০ মিলিমিটার, পুরুলিয়ার ফুলবেড়িয়ায় ৪০ মিলিমিটার, ঝাড়গ্রামের লালগড় ও ডি পি ঘাটে ৪০ মিলিমিটার এবং কাঁথিতে ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে গত ২৪ ঘণ্টায় আবহাওয়া মূলত শুষ্ক ছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। দু-এক জায়গায় ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। (Weather Update)
বৃহস্পতিবারও বৃষ্টি, তারপর আবহাওয়ার পরিবর্তন
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি ও ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির আশঙ্কা
বুধবার মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে।বজ্রপাত, নিচু এলাকায় জল জমা এবং ফসলের ক্ষতির বিষয়ে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।(Weather Update)











