সোনারপুরের সুভাষগ্রামে রিকশা ইউনিয়নকে কেন্দ্র করে মারধরের অভিযোগের ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। হিন্দুস্তান নিউজ পয়েন্টে এই ঘটনার খবর প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হলেন ভারতীয় মজদুর সংঘ (BMS)-এর পথ পরিবহণ বিভাগের ব্লক ইনচার্জ তপন তাপী দাস-সহ ২ জন। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ তাঁকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ। অথচ গতকালই হিন্দুস্তান নিউজ পয়েন্টকে দেওয়া সাক্ষাৎকারে এই ঘটনার সঙ্গে তাঁর প্রত্যক্ষ কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছিলেন তিনি। (Sonarpur Rickshaw Union Clash 2 Arrested)
কী ঘটেছিল সুভাষগ্রামে?
সুভাষগ্রামে রিকশা ইউনিয়নকে কেন্দ্র করে রিকশাচালকদের মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। ঘটনায় BMS-এর বিরুদ্ধে অভিযোগ ওঠে। অন্যদিকে, সংগঠনের পথ পরিবহণ বিভাগের ব্লক ইনচার্জ তপন তাপী দাস সেই অভিযোগ অস্বীকার করেন। তাঁর পাল্টা দাবি ছিল, এলাকায় সক্রিয় শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত একটি গোষ্ঠীর সদস্যরাই প্রথমে তাঁদের কর্মীদের উপর চড়াও হন।
পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত বলে দাবি করেছিলেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, সংগঠনের কয়েকজন কর্মী সুভাষগ্রামে পোস্টার ছেঁড়ার বিষয়ে জানতে গেলে তাঁদের উপর পাইপ নিয়ে হামলার চেষ্টা হয়। এর পরেই দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় বলে দাবি করেন তিনি। তবে ঘটনার সময় তিনি নিজে সেখানে উপস্থিত ছিলেন না বলেও জানিয়েছিলেন।
সোনারপুরে রিকশা ইউনিয়ন ঘিরে অশান্তি, অভিযুক্ত BMS, পাল্টা তোপ শ্রমিক সংগঠনের দিকে
২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার
গতকালের সাক্ষাৎকারে তপন তাপী দাস মারধরের ঘটনায় BMS-এর ভূমিকা অস্বীকার করেছিলেন। কিন্তু তার পরেও ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর গ্রেফতারের খবর সামনে এল। তাই সুভাষগ্রামে রিকশা ইউনিয়নকে কেন্দ্র করে তৈরি হওয়া এই ঘটনায় পুলিশের পদক্ষেপ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। (Sonarpur Rickshaw Union Clash 2 Arrested)
উল্লেখ্য, তপন তাপী দাসের অভিযোগ ছিল, ওই শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত একটি গোষ্ঠী রিকশা ইউনিয়নের নিয়ন্ত্রণ নিতে চাইছে। অন্যদিকে, মারধরের ঘটনায় ঠিক কী ভূমিকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের তরফে এখনও বিস্তারিত বক্তব্য সামনে আসেনি। সেই সংক্রান্ত তথ্য সামনে এলে এই ঘটনা সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলেই মনে করা হচ্ছে।












1 thought on “হিন্দুস্তান নিউজ পয়েন্টের খবরের জের, গ্রেফতার সোনারপুরের ঘটনার মূল অভিযুক্ত তপন তাপী দাস”
Comments are closed.