ধনতেরাস উপলক্ষে সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন গয়নার দোকানে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। কোথাও ছোট সোনার গয়না কেনার ব্যস্ততা, কোথাও আবার রুপোর মুদ্রা, প্রদীপ কিংবা থালা বেছে নিচ্ছেন ক্রেতারা। মূল্যবান ধাতু কেনার শুভ দিন হিসেবে ধনতেরাসের বিশেষ গুরুত্ব রয়েছে বলে বিশ্বাস । সেই বিশ্বাস থেকেই প্রতিবছর এই দিনে সোনা ও রুপো কেনেন বহু মানুষ। তবে এ বছর সোনার দাম তুলনামূলক আনেক বেশি থাকায় কেনাকাটার ধরনে কিছুটা বদল দেখা যাচ্ছে। বড় সোনার গয়নার বদলে ছোট অলঙ্কার এবং রুপোর সামগ্রীর দিকেই বেশি ঝুঁকছেন ক্রেতাদের একাংশ। (Dhanteras Shopping in Siliguri)
রুপোর সামগ্রী কেনার প্রতি আগ্রহ
আজ ধনত্রয়োদশী বা ধনতেরাস। মূলত উত্তর ও পশ্চিম ভারতের এই উৎসব এখন বাংলাতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কলকাতা থেকে উত্তরবঙ্গ, রাজ্যের বিভিন্ন প্রান্তেই ধনতেরাস ঘিরে তৈরি হয়েছে উৎসবের আবহ। সকাল থেকেই শিলিগুড়ির গয়নার দোকান ও শোরুমগুলিতে ক্রেতাদের আনাগোনা শুরু হয়। সোনা কেনার পাশাপাশি রুপোর সামগ্রী কেনার প্রতিও আগ্রহ দেখাচ্ছেন অনেকে। ব্যবসায়ীদের মতে, এ বছর সোনার দাম বেশি থাকায় অনেক ক্রেতাই বাজেটের মধ্যে কেনাকাটা করার চেষ্টা করছেন। ফলে ছোট সোনার গয়না, সোনার কয়েনের চাহিদা রয়েছে। পাশাপাশি রুপোর থালা, প্রদীপ, মুদ্রা এবং ছোটখাটো অলঙ্কারও কিনছেন বহু মানুষ। ধনতেরাসে কিছু একটা মূল্যবান ধাতু কেনার রীতি বজায় রেখেই নিজেদের সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করছেন তাঁরা। (Dhanteras Shopping in Siliguri)
বিক্রি বাড়ার আশায় ব্যবসায়ীরা
শিলিগুড়ির গয়না ব্যবসায়ীদের দাবি, সকাল থেকেই দোকানে ভালো ভিড় হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যা আরও বেড়েছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, এ বছর ধনতেরাসের বিক্রি গত বছরের তুলনায় ভালো হবে। সব মিলিয়ে সোনার দামের প্রভাব কেনাকাটায় পড়লেও ধনতেরাসের উৎসাহে ভাটা পড়েনি। সোনার পাশাপাশি রুপোর সামগ্রী কিনেই শুভ দিনটিকে উদ্যাপন করছেন শিলিগুড়ির বহু মানুষ। উৎসবের আবহে জমজমাট শহরের গয়নার বাজার। (Dhanteras Shopping in Siliguri)












