বিসলেরি ভেবে জলের বোতল কিনছেন, অথচ তাতে লেখা রয়েছে ‘বালটন’! কোথাও আবার নামের সামান্য বদল করে বিক্রি হচ্ছে ‘বিলসেরি’ বা ‘বিসলি’। জনপ্রিয় ব্র্যান্ডের নাম ও প্যাকেজিংয়ের সঙ্গে মিল রেখে এভাবেই বাজারে বিক্রি হচ্ছে একাধিক স্থানীয় সংস্থার প্যাকেটজাত পানীয় জল। মধ্যপ্রদেশের গ্বালিয়রে এমনই একাধিক সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে খাদ্য সুরক্ষা দফতর। সম্প্রতি একটি কারখানায় হানা দিয়ে প্রায় ২৫০০ লিটার বোতলজাত জল উদ্ধার করেছেন আধিকারিকেরা। ওই বোতলগুলিতে উৎপাদনের তারিখও (Manufacturing Date) বোতলের গায়ে উল্লেখ ছিল না। (Fake Bisleri Water)
কারখানায় হানা, উদ্ধার ২৫০০ লিটার জল
খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা গ্বালিয়রের মুরার এলাকার যদুবংশী ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে অভিযান চালান। কারখানায় তৈরি হওয়া প্যাকেটজাত পানীয় জলের বোতলগুলি পরীক্ষা করেন তাঁরা। সেই সময় প্রায় ২৫০০ লিটার জলের বোতলে উৎপাদনের তারিখ লেখা নেই বলে দেখতে পান আধিকারিকেরা। এরপর ওই জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পানীয় জলের গুণমান নির্ধারিত নিয়ম মেনে তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বোতলের প্যাকেজিং এবং লেবেল সংক্রান্ত নিয়মও মানা হয়েছে কি না, তা পরীক্ষা করছেন আধিকারিকরা। নিয়ম ভাঙার প্রমাণ মিললে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। (Fake Bisleri Water)
বিসলেরির মতো নাম, নজরে এক ডজনের বেশি ব্র্যান্ড
তদন্তে শুধু একটি কারখানাই নয়, গ্বালিয়রের বাজারে বিক্রি হওয়া অন্যান্য স্থানীয় পানীয় জলের ব্র্যান্ডগুলিও খাদ্য সুরক্ষা দফতরের নজরে রয়েছে। এখনও পর্যন্ত এক ডজনের বেশি এমন ব্র্যান্ডের খোঁজ মিলেছে, যাদের নাম জনপ্রিয় সংস্থা বিসলেরির নামের সঙ্গে অনেকটাই মেলে। খাদ্য সুরক্ষা আধিকারিক গিরিশ রাজোরিয়া অভিযানের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। কারখানার মালিককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে অন্যান্য সংস্থার বিরুদ্ধেও তদন্ত চলছে। জলের পরীক্ষার রিপোর্ট এবং তদন্তের ফলাফলের উপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে দফতর। (Fake Bisleri Water)












