ডুয়ার্সে দেবের শ্যুটিং ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে একটি ছবির শ্যুটিং চলাকালীন সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগর তির শুটিং ইউনিটের দিকে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দাবি, খবর সংগ্রহ করতে গিয়েই তাঁরা অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয় তাঁদের।(Dev)
অভিযোগ, শ্যুটিং চলার সময় কয়েকজন সাংবাদিক, তথ্য ও দৃশ্য ভিডিয়োর মাধ্যমে সংগ্রহের জন্য যান। কিন্তু সেখানে নাকি তাদের প্রবেশের অধিকার নেই। সেই সম্পর্কে কোনও বিজ্ঞপ্তি বা বিধিনিষেধের কথা জানানো হয়নি। সংবাদিকেরা কাজ শুরু করলে, তাঁদের কাজ করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির পরিস্থিতি তৈরি হলে শ্যুটিং ইউনিটের এক মহিলা সদস্য, উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে কুরুচিকর ও অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পরই ক্ষোভ ছড়ায় সেখানে থাকা সাংবাদিক মহলে।
উপস্থিত সাংবাদিকদের একাংশের দাবি, তাঁরা পেশাগত দায়িত্ব পালন করছিলেন। শ্যুটিংয়ে কোনও বিঘ্ন ঘটানোর উদ্দেশ্য ছিল না তাদের। নিরাপত্তাজনিত কারণ বা প্রযোজনা সংস্থার নিজস্ব নিয়ম থাকতে পারে, কিন্তু সেই বিষয়টি স্পষ্টভাবে জানানো জরুরি ছিল। প্রকাশ্যে অপমানজনক ভাষা ব্যবহারকে তাঁরা অনভিপ্রেত বলে মনে করছেন।
ঘটনার পর এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। যদিও শ্যুটিং ইউনিট বা অভিনেতা দেবের তরফ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। দুই পক্ষের বক্তব্য সামনে এলে পরিস্থিতি আরও পরিষ্কার হবে বলেই মনে করা হচ্ছে। (Dev)
তবে দেবের শ্যুটিং ঘিরে স্থানীয় মানুষজনের মধ্যে দারুণ আগ্রহ রয়েছে। অনেকেই দূর থেকে তাদের প্রিয় অভিনেতার শ্যুটিং দেখেন। (Dev)











