ছোট্ট দু’টি পায়ের ছাপ। পাশে লেখা, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।’ রবিবার সকালে এই ছবিই যেন বলে দিল সুখবরটা। মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার। বাবা হলেন সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়। তাঁদের ঘর আলো করে এল পুত্রসন্তান। (Sohini Sarkar Baby) কলকাতার এক বেসরকারি হাসপাতালে রবিবার বেলা পৌনে বারোটা নাগাদ সন্তানের জন্ম দেন সোহিনী। মা ও সদ্যোজাত দু’জনেই ভালো আছেন বলে জানা গিয়েছে। দীর্ঘ অপেক্ষার পর প্রথমবার বাবা-মা হলেন সোহিনী ও শোভন। (Sohini Sarkar Baby)
সোশ্যাল মিডিয়ায় সুখবর
সন্তান আসার খবর নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে জানান সোহিনী। ছোট্ট পায়ের ছাপের ছবি দিয়ে নতুন সদস্যকে স্বাগত জানান তিনি। পোস্টে সোহিনী ও শোভনের নামের পাশাপাশি ছিল রবিবারের তারিখও (২০.০৯.২০২৬) । একই খবর শেয়ার করেন শোভনও। মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই পোস্ট। শুভেচ্ছায় ভরে ওঠে তাঁদের সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স। সন্তানের নাম বা আরও কোনও বিস্তারিত অবশ্য এখনও প্রকাশ্যে আনেননি তাঁরা। তবে ‘বীরপুরুষ’ লিখেই বুঝিয়ে দিয়েছেন, তাঁদের ঘরে এসেছে ছেলে। (Sohini Sarkar Baby)

প্রেম থেকে নতুন পরিবার
সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের সম্পর্কের কথা প্রকাশ্যে আসার আগেই তাঁদের প্রেমপর্ব চলেছিল বেশ কিছুদিন। সম্পর্ক নিয়ে শুরুতে দু’জনেই ছিলেন নীরব। পরে ২০২৪ সালে ঘনিষ্ঠদের উপস্থিতিতে বাগানবাড়িতে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। আইনি বিয়েও সেরে নেন। এবার সেই সম্পর্ক পেল আরও নতুন পরিচয়। দুই থেকে তিন হলেন সোহিনী-শোভন।
কাজের মাঝেই মাতৃত্ব
অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ থেকে পুরোপুরি দূরে সরে যাননি সোহিনী। সিনেমা ও সিরিজের কাজের পাশাপাশি প্রচারেও দেখা গিয়েছে তাঁকে। কাজের ব্যস্ততার মধ্যেই চলছিল নতুন অতিথির অপেক্ষা। শনিবারই বলিউডে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের দ্বিতীয় কন্যাসন্তান জন্মের খবর আসে। তার পরের দিনই টলিউডে এল আর এক সুখবর। সোহিনী-শোভনের জীবনে শুরু হল বাবা-মা হিসেবে নতুন অধ্যায়। (Sohini Sarkar Baby)











