বলিউড অভিনেতা তুষার কাপুরের কাছে ৫ কোটি টাকা দাবি করে হুমকি ফোন। ফোনের অপর প্রান্ত থেকে নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার বলে পরিচয় দিয়েছিল এক ব্যক্তি। তবে প্রাথমিক তদন্তে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অনুমান, গ্যাংয়ের নাম ব্যবহার করে অভিনেতাকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। আদৌ ওই ব্যক্তি বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে পুলিশের। অভিযোগ, সম্প্রতি তুষার কাপুরের কাছে একটি ফোন আসে। ফোনে থাকা ব্যক্তি নিজেকে হ্যারি বক্সার বলে পরিচয় দেয়। এরপর অভিনেতার কাছে ৫ কোটি টাকা দাবি করা হয়। এই ঘটনায় আতঙ্কিত অভিনেতা পুলিশের দ্বারস্থ হন। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তের দায়িত্ব দেওয়া হয় মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-এক্সটরশন সেলকে। (Tusshar Kapoor Threat Call)
কণ্ঠস্বরের নমুনায় মিল নেই
তদন্তে নেমে প্রথমেই ওই ফোনের রেকর্ডিং পরীক্ষা করেন গোয়েন্দারা। হ্যারি বক্সারের আগে থেকে পাওয়া কণ্ঠস্বরের নমুনার সঙ্গে ফোনে কথা বলা ব্যক্তির গলার স্বর মিলিয়ে দেখা হয়। প্রাথমিক পরীক্ষায় দু’টি কণ্ঠস্বরের মধ্যে কোনও মিল পাওয়া যায়নি। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কণ্ঠস্বরের নমুনা না মেলায় ফোনটিকে ভুয়ো বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশের অনুমান, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ও পরিচিতিকে কাজে লাগিয়ে অভিনেতাকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হয়ে থাকতে পারে। (Tusshar Kapoor Threat Call)
টাইগার শ্রফের ঘটনায়ও তদন্ত চলছে
উল্লেখ্য, কয়েক দিন আগেই মুম্বইয়ের জুহু এলাকায় অভিনেতা টাইগার শ্রফকে কেন্দ্র করে গুলিচালনার ঘটনা ঘটে। সেই ঘটনারও তদন্ত করছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। তার মধ্যেই তুষার কাপুরের কাছে এই হুমকি ফোন আসায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও এফআইআর দায়ের হয়নি। ফোনটি কোথা থেকে করা হয়েছিল এবং এর নেপথ্যে কে রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্তের পরিচয় জানার পাশাপাশি হুমকি ফোনের উৎস খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। (Tusshar Kapoor Threat Call)












