মাসের শুরুতেই জোড়া সুখবর। গ্যাসের পর এবার দাম কমল পেট্রোল ডিজেলেরও। দেশের বৃহত্তম বেসরকারি জ্বালানি বিপণন সংস্থা নায়ারা এনার্জি ১ জুলাই থেকে পেট্রোলের দাম লিটারপিছু ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা কমানোর ঘোষণা করেছে। এই ঘোষণার ফলে গাড়িচালক থেকে শুরু করে পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের মুখে ফুটেছে চওড়া হাসি।
উল্লেখ্য, গত কয়েক মাসে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি, বিশেষ করে ইরানকে ঘিরে সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের সরবরাহ নিয়ে বড়সড় উদ্বেগ তৈরি হয়েছিল। সবচেয়ে বেশি আশঙ্কা ছিল হরমুজ প্রণালী নিয়ে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এই সমুদ্রপথ দিয়েই পরিবাহিত হয়। যুদ্ধের জেরে এই গুরুত্বপূর্ণ জলপথে বাধা তৈরি হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে হু হু করে বেড়ে গিয়েছিল অপরিশোধিত তেলের দাম। সেই প্রভাব পড়েছিল ভারতের বাজারেও। (Petrol Diesel Price Decrease)
সেই সময় নায়ারা এনার্জিই প্রথম বেসরকারি সংস্থা হিসেবে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছিল। পরে অন্যান্য তেল সংস্থাও ধাপে ধাপে দাম বাড়ায়। কিন্তু বর্তমানে পশ্চিম এশিয়ার পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে। ইরান-আমেরিকার মধ্যে সমঝোতার পরিবেশ তৈরি হওয়া এবং হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবার নীচের দিকে নেমেছে। সেই পরিস্থিতির জেরেই এবার জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে নায়ারা এনার্জি।
সংস্থার তরফে জানানো হয়েছে আজ থেকে দেশ জুড়ে থাকা ৭,০০০-এরও বেশি পেট্রোল পাম্পে এই নতুন দাম কার্যকর হবে। তবে বিভিন্ন স্থানীয় কর আলাদা হওয়ায় পাম্পভেদে খুচরো দামে কিছুটা পার্থক্য থাকতে পারে। তবে এখনও পর্যন্ত সরকারি তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম তাদের পাম্পে পেট্রোল-ডিজেলের দাম কমানোর কোনও ঘোষণা করেনি। ফলে আপাতত শুধুমাত্র নায়ারা এনার্জির পাম্প থেকেই এই মূল্যছাড়ের সুবিধা পাবেন গ্রাহকেরা। (Petrol Diesel Price Decrease)
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যদি আগামী দিনেও নিয়ন্ত্রণে থাকে এবং পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি না হয়, তাহলে দেশের অন্যান্য তেল সংস্থাগুলিও জ্বালানির দাম কমানোর পথে হাঁটতে পারে। আর সেদিকেই এখন নজর থাকবে সাধারণ মানুষের।





