বক্স অফিসে সফল কোনও ছবির সিক্যুয়েল এখন আর চমক নয়। কিন্তু কিছু ছবি আছে, যাদের প্রত্যাবর্তন নিয়ে উত্তেজনা একটু বেশি। সেই তালিকাতেই নিঃসন্দেহে রয়েছে অনিল কাপুর অভিনীত কাল্ট ছবি ‘নায়ক’। মুক্তির ২৫ বছর পর ফের এই ছবি ঘিরে জোর গুঞ্জন বলিউডে। (Nayak)
২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এস শঙ্কর পরিচালিত ‘নায়ক’ ছবিতে অনিল কাপুরের চরিত্র শিবাজি রাও গায়কোয়াড় আজও দর্শকের মনে গেঁথে রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে একদিনের মুখ্যমন্ত্রী হয়ে গোটা রাজ্যের চালচিত্র বদলে দেওয়া সেই সাধারণ মানুষের গল্প সময়ের সঙ্গে একেবারেই ফিকে হয়নি। বরং আজকের সামাজিক-রাজনৈতিক বাস্তবতায় ছবিটির প্রাসঙ্গিকতা যেন আরও বেড়েছে।
সেই প্রেক্ষিতেই নতুন করে আলোচনায় এসেছে ‘নায়ক’। বলিউড সূত্রের খবর, সম্প্রতি নাকি ছবিটির স্বত্ব কিনে নিয়েছেন অনিল কাপুর নিজেই। আর এই খবর প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে- তবে কি ২৫ বছর পর ‘নায়ক’ -এর সিক্যুয়েল আনতে চলেছেন তিনি? (Nayak)
ইন্ডাস্ট্রির অন্দরমহলের দাবি, এই ছবির ভবিষ্যৎ নিয়ে অনিল কাপুর নাকি দীর্ঘদিন ধরেই ভাবনাচিন্তা করছেন। ‘নায়ক’ আজও যে দর্শকের কাছে কতটা জনপ্রিয়, তা নতুন করে প্রমাণের প্রয়োজন নেই। সেই জনপ্রিয়তাকেই পুঁজি করে গল্পকে নতুন সময়ের প্রেক্ষাপটে, নতুন মোড়কে ফের দর্শকের সামনে আনতে চাইছেন অভিনেতা, এমনটাই মনে করছেন অনেকে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি ‘মিস্টার ইন্ডিয়া’ খ্যাত অনিল কাপুর। ফলে সবটাই আপাতত জল্পনার স্তরেই রয়েছে।
উল্লেখ্য, ‘নায়ক’ ছবিতে অনিল কাপুরের পাশাপাশি অভিনয় করেছিলেন অমরেশ পুরী, রানি মুখোপাধ্যায়, পরেশ রাওয়ালসহ একঝাঁক তারকা। যদি সত্যিই সিক্যুয়েল তৈরি হয়, তবে পুরনো মুখদের কেউ ফিরবেন কি না, নাকি সম্পূর্ণ নতুন কাস্ট দেখা যাবে- এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। সব মিলিয়ে, ২৫ বছর পর ‘নায়ক’ কি আবার রাজনীতির মঞ্চ কাঁপাতে আসছে? উত্তর দেবে সময়ই। (Nayak)











