জনপ্রিয় গায়ক হানি সিং(Honey Singh)-এর কনসার্ট ঘিরে শনিবার দিল্লিতে তৈরি হল বিশৃঙ্খলা। রাজধানীর ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান চলাকালীন আচমকাই বিশৃঙ্খলা দেখা দেয়। দর্শকদের একাংশ এবং আয়োজক সংস্থার সদস্যদের মধ্যে বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় থেকেই সমস্যার সূত্রপাত। অভিযোগ, ভিআইপি জোনে ঢোকা এবং বসার জায়গা নিয়ে কয়েকজন দর্শকের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন আয়োজক সংস্থার কর্মীরা। প্রথমে বোঝানোর চেষ্টা করা হলেও তাতে বিশেষ ফল মেলেনি বলে অভিযোগ।
ক্রমশ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় এবং সেই অশান্তি মঞ্চের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যায়। আচমকা এমন পরিস্থিতি তৈরি হওয়ায় কনসার্টে উপস্থিত অনেক দর্শকই আতঙ্কিত হয়ে পড়েন।
সেসময় গান পরিবেশন করছিলেন হানি সিং(Honey Singh) । পরিস্থিতি বেগতিক দেখে কিছুক্ষণের জন্য অনুষ্ঠান থামিয়ে দেন তিনি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আবার মঞ্চে ফিরে অনুষ্ঠান শুরু করেন গায়ক।
এই মুহূর্তে ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ব্যস্ত হানি সিং (Honey Singh) । দেশের বিভিন্ন শহরে ধারাবাহিক ভাবে অনুষ্ঠান করছেন তিনি। সেই ট্যুরের অংশ হিসেবেই শনিবার দিল্লিতে কনসার্ট ছিল। আগামী ২১ মার্চ আহমেদাবাদে তাঁর পরবর্তী অনুষ্ঠান হওয়ার কথা। এর পরে ২৮ মার্চ মুম্বই, ৪ এপ্রিল পুনে, ১১ এপ্রিল কোটা, ২৫ এপ্রিল ইন্দোর এবং ২ মে লখনউতে অনুষ্ঠান করার কথা রয়েছে ‘দেশি কালাকার’-এর।












