রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফের বিকৃত ‘বড়লোকের বিটি লো’, সাইবার সেলে অভিযোগ পদ্মশ্রী রতন কাহারের

Published on: October 6, 2026
Ratan Kahar
---Advertisement---

‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল’ এই গান শোনেনি এমন বাঙালি খুঁজে পাওয়া দায়। প্রজন্মের পর প্রজন্ম ধরে লোকমুখে ফিরেছে এই গান। কিন্তু এই গানের স্রষ্টা যে বীরভূমের লোকশিল্পী রতন কাহার, তা অনেকেরই জানা ছিল না। এবার সেই গানই ফের বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। আর সেই ঘটনায় সাইবার ক্রাইমের দ্বারস্থ হলেন পদ্মশ্রী প্রাপক রতন কাহার (Ratan Kahar)।

অভিযোগ, ‘SoumiOfficials27’ নামে একটি সোশ্যাল মিডিয়া পেজ থেকে ‘বড়লোকের বিটি লো’ গানটিকে বিকৃত করে প্রকাশ করা হয়েছে। শুধু গান বিকৃত করার অভিযোগই নয়, সেখানে গানের স্রষ্টা হিসেবে রতন কাহারের নামও উল্লেখ করা হয়নি। বিষয়টি সামনে আসতেই প্রতিবাদে সরব হয়েছেন শিল্পী নিজে এবং তাঁর ছেলে দেবাশিস কাহার। দেবাশিস জানান ইতিমধ্যেই, ঘটনার বিরুদ্ধে সাইবার সেলে অভিযোগ জানানো হয়েছে। তাঁর বাবার লেখা গানের এমন বিকৃতি দেখে দুঃখ পেয়েছেন শিল্পী ও তাঁর পরিবার।

বাদশাকে ঘিরেও উঠেছিল একই অভিযোগ

‘বড়লোকের বিটি লো’ গান নিয়ে বিতর্ক অবশ্য এই প্রথম নয়। ২০২০ সালে এই লোকগানের আদলে ‘গেন্দা ফুল’ গান তৈরি করে বিতর্কে জড়িয়েছিলেন বলিউডের র‌্যাপার বাদশা। সেবারও অভিযোগ উঠেছিল, মূল গানের স্রষ্টা রতন কাহারের যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন বাদশা। পরে রয়্যালটি ও ক্ষতিপূরণ হিসেবে রতন কাহারকে (Ratan Kahar) ৫ লক্ষ টাকা দেন তিনি। এমনকি বীরভূমে গিয়ে লোকশিল্পীর সঙ্গে দেখাও করেছিলেন বাদশা। সেই ঘটনার পরও ফের একই ধরনের অভিযোগ ওঠায় ক্ষুব্ধ শিল্পী ও তাঁর পরিবার।

মহালয়ায় ইডেনে আসছেন না মোদি-শাহ, কেন হঠাৎ কাটছাঁট কর্মসূচিতে?

১৯৭২-এ রেডিওয় প্রথম রেকর্ড, ২০২৪-এ পদ্মশ্রী

উল্লেখ্য, বীরভূমের সিউড়ির বাসিন্দা রতন কাহারের লোকসঙ্গীতের জগতে পথচলা শুরু ভাদু গান দিয়ে। ১৯৭২ সালে তাঁর লেখা গান প্রথম রেকর্ড হয় রেডিওতে। টুসু, ঝুমুর-সহ বাংলার লোকসংগীতে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। এখনও পর্যন্ত প্রায় ২৫০টি গান লিখেছেন তিনি।

তাঁর লেখা ‘বড়লোকের বিটি লো’ গানটি প্রথমে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে ব্যাপক জনপ্রিয়তা পায়। অথচ গানের স্রষ্টা রতন কাহার দীর্ঘদিন ছিলেন প্রচারের আড়ালে। একসময় সংসার চালাতে বিড়ি বেঁধেও দিন কাটাতে হয়েছে তাঁকে। এখনও বিভিন্ন অনুষ্ঠান এবং সামান্য সরকারি ভাতাই তাঁর ভরসা। তবে তাঁর শিল্পের স্বীকৃতি এসেছে। ২০২৪ সালে ভারত সরকারের তরফে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ফের বিকৃত ‘বড়লোকের বিটি লো’, সাইবার সেলে অভিযোগ পদ্মশ্রী রতন কাহারের”

Comments are closed.