প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন (Argha Sen Passed Away)। দীর্ঘদিনের অসুস্থতার পরে সোমবার ভোরে কলকাতার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর প্রয়াণে বাংলা সঙ্গীতজগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিল্পী, সংস্কৃতিকর্মী থেকে শুরু করে অসংখ্য অনুরাগী তাঁকে স্মরণ করছেন গভীর শ্রদ্ধায়।
অর্ঘ্য সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত মানেই ছিল এক অনন্য মাধুর্য ও সংযম। ভাব, ভাষা ও আবেগের সূক্ষ্ম মেলবন্ধনে তাঁর গান শ্রোতাদের মন ছুঁয়ে যেত। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি নিষ্ঠার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করেছেন এবং প্রজন্মের পর প্রজন্মকে রবীন্দ্রসঙ্গীতের প্রতি আকৃষ্ট করেছেন। শুধু মঞ্চে গান গাওয়া নয়, রবীন্দ্রসঙ্গীতের শিক্ষাদান ও প্রসারেও তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু ছাত্রছাত্রীকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন, যাঁদের অনেকেই আজ প্রতিষ্ঠিত শিল্পী।
১৯৩৫ সালের ১১ নভেম্বর বাংলাদেশের ফরিদপুরে জন্ম অর্ঘ্য সেনের। ছোটবেলা থেকেই গানের সঙ্গে তাঁর গভীর সখ্য গড়ে ওঠে। কিশোর বয়সে কলকাতায় এসে বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলে পড়াশোনা করেন। পরে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিজ্ঞান নিয়ে স্নাতক হন। কর্মজীবনের শুরুতে তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এবং ন্যাশনাল সার্ভে অর্গানাইজেশনে কাজ করেন। তবে পেশাগত জীবনের পাশাপাশি সঙ্গীতচর্চা কখনও থামেনি।
দেবব্রত বিশ্বাসের ছাত্র হিসেবে তাঁর গানের ভিত গড়ে ওঠে। পাশাপাশি পঙ্কজকুমার মল্লিকের গান ও অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্য তাঁর সঙ্গীতভাবনাকে আরও সমৃদ্ধ করে। অনেকের অজানা, অর্ঘ্য সেন হাতের কাজেও ছিলেন সমান দক্ষ—সেলাইয়ের কাজেও তাঁর ছিল অসাধারণ নৈপুণ্য। সঙ্গীত ও শিল্প—দু’টি জগতেই ছিল তাঁর অবাধ বিচরণ।
সঙ্গীতে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৭ সালে তিনি সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে ভূষিত হন। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি জানান, অর্ঘ্য সেনের চলে যাওয়া বাংলা সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি। রবীন্দ্রসংগীতের আকাশে অর্ঘ্য সেন চিরকাল উজ্জ্বল হয়ে থাকবেন তাঁর সুরের স্মৃতিতে।
বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অর্ঘ্য সেনের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর চলে যাওয়া বাংলা সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি।
— Mamata Banerjee (@MamataOfficial) January 14, 2026
আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও অসংখ্য অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাই ।











