দেরাদুনের কালসিতে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল একটি যাত্রিবাহী বাস। মঙ্গলবার সকালে ৩০ জনের বেশি যাত্রীকে নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন সাত।
নিহতদের মধ্যে ইয়াসমিন বেগম (৪৬) ও রিচা (৩০) ভিজমাল গ্রামের বাসিন্দা। আরেকজন নিহত ধন বাহাদুর কিয়ারলা নেরওয়ার বাসিন্দা। দুর্ঘটনায় প্রাণ হারান বাসের চালক দিনেশ কুমার। তিনি শিমলার চোপাল এলাকার বাসিন্দা।

রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF) জানিয়েছে, মিনাক রোডের কুয়ানু এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি তীক্ষ্ণ বাঁক ও দুর্গম পাহাড়ি রাস্তার জন্য পরিচিত। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উদ্ধারকারী দল। তারা উদ্ধার ও ত্রাণকার্য চালানো শুরু করে। জানা গিয়েছে, চারজনের মৃত্যু হয়েছে। সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
খাদটি অত্যন্ত খাড়া হওয়ায় বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যার জেরে উদ্ধারকাজে বেগ পেতে বেশ সময় লাগে। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া যাত্রীদের বের করতে বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তীক্ষ্ণ বাঁক ঘোরার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। জেলার হাসপাতালগুলিকে আগাম বার্তা দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। উদ্ধার অভিযান এখনও চলছে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা বাড়তে পারে।










