মাঝ আকাশে হাইজ্যাকের বার্তা ঘিরে চাঞ্চল্য ছড়াল এয়ার ইন্ডিয়ার একটি বিমানে। বুধবার সকালে জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI-2030 বিমানটিকে জরুরি ভিত্তিতে জয়পুরে নামানো হয়। যদিও পরে জানা যায় বিমানটিতে বোমা থাকার হুমকিটি ভুয়ো। তবে কোনও ঝুঁকি না নিয়ে বিমানবন্দরে শুরু হয় ব্যাপক তল্লাশি। স্বস্তির খবর, বিমানের সমস্ত যাত্রী ও কর্মীরা নিরাপদে রয়েছেন।
সূত্রের খবর, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দিল্লিতে পৌঁছনোর কথা থাকলেও গন্তব্যের প্রায় ২৮০ কিলোমিটার আগেই বিমানটিকে জয়পুরে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমান অবতরণের পরেই তৎপর হয়ে ওঠেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। বিভিন্ন নিরাপত্তা সংস্থার আধিকারিকেরা বিমানে উঠে তল্লাশি শুরু করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে হাইজ্যাকের মতো ঘটনার ক্ষেত্রে যে ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়, সেই স্তরের সতর্কতা অনুসরণ করা হয় বলে সূত্রের খবর।
বিজেপির স্বদেশি প্রযুক্তির প্রচারে হাতিয়ার Zoho, সেই সংস্থাতেই এবার কর্মীদের বেতনবৃদ্ধি বন্ধ
HIJACK ALERT: তল্লাশির পর নামানো হলো যাত্রীদের
বিমানটি অবতরণের পর যাত্রীদের নামানোর আগে সতর্কতার সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখেন নিরাপত্তাকর্মীরা। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পর যাত্রী ও বিমানকর্মীদের বিমান থেকে নামার অনুমতি দেওয়া হয়। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, সকলেই নিরাপদে রয়েছেন।
এই ঘটনার জেরে যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখেই তাঁদের জন্য বিকল্প ব্যবস্থাও করেছে এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, যাত্রীরা চাইলে বিনামূল্যে অন্য সময়ের বিমানে যাত্রার ব্যবস্থা করতে পারবেন। আর যাঁরা টিকিট বাতিল করতে চান, তাঁদের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার বিকল্পও রাখা হয়েছে।
তবে এই পুরো হাইজ্যাকের ঘটনাটি ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে নিরাপত্তা সংস্থাগুলি তল্লাশি চালায়। তবে দ্রুত পদক্ষেপের জেরে বড়সড় কোনও বিপদের ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।












1 thought on “মাঝ আকাশে হাইজ্যাকের ওয়ার্নিং, ফ্রাঙ্কফুর্ট-দিল্লি বিমানের জরুরি অবতরণ”
Comments are closed.