টায়ার পাংচার হয়ে যাওয়ায় রাস্তার ধারে গাড়ি রেখে বাড়ি ফিরেছিলেন। পরের দিন এসে দেখেন, তাঁর BMW গাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এরপর বিমার টাকা পেতে দীর্ঘ ১৪ বছর ধরে লড়াই চালাতে হয় তাঁকে। অবশেষে সেই লড়াইয়ে জয় পেলেন মহারাষ্ট্রের বাসিন্দা রবিকান্ত এস পাটিল। গাড়ির বিমার টাকা বাবদ তাঁকে ৭০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে ক্রেতা সুরক্ষা কমিশন। পাশাপাশি মানসিক হয়রানি ও আইনি খরচের জন্য আরও ৭৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইনসিওরেন্স সংস্থাকে। (BMW Insurance Claim)
২০১২ সালে পুড়ে যায় গাড়ি
ঘটনাটি ২০১২ সালের ৮ মার্চের। মহারাষ্ট্রের ধুলখেড়ের কাছে একটি রাজ্য সড়ক দিয়ে BMW গাড়ি চালিয়ে যাচ্ছিলেন রবিকান্ত এস পাটিল। পথে গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। আশপাশে কোনও মেকানিক না থাকায় তিনি রাস্তার ধারে একটি ধাবার পাশে গাড়িটি দাঁড় করান। গাড়ির দরজা ও জানলা বন্ধ করে তালা দিয়ে অন্য একটি গাড়িতে বাড়ি ফিরে যান। পরের দিন গাড়িটি নিয়ে আসার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু পরের দিন ঘটনাস্থলে ফিরে এসে দেখেন, তাঁর গাড়িটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। (BMW Insurance Claim) এরপর বিমার টাকা দাবি করেন পাটিল। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করে ইউনাইটেড ইন্ডিয়া ইনসিওরেন্স।
বিমার টাকা দিতে অস্বীকার সংস্থার
বিমা সংস্থার দাবি ছিল, গাড়ি এ ভাবে রাতভর অরক্ষিত অবস্থায় রেখে যাওয়া বিমার শর্তের পরিপন্থী। গাড়ির ক্ষতি আটকাতে যথাযথ সতর্কতা নেননি পাটিল, এমনই অভিযোগ তোলে সংস্থা। তবে কমিশন এই যুক্তি মানেনি। কমিশনের পর্যবেক্ষণ, খারাপ হয়ে যাওয়া গাড়ি ফেলে যাওয়ার ক্ষেত্রে বিমার শর্তে সম্পূর্ণ নিষেধাজ্ঞা ছিল না। পাটিল রাস্তার পাশে নিরাপদ স্থানে গাড়ি রেখেছিলেন। (BMW Insurance Claim) দরজা ও জানলা বন্ধ করে তালাও দিয়েছিলেন। গাড়ি ফেলে যাওয়ার সঙ্গে আগুন লাগার সরাসরি যোগসূত্রও প্রমাণিত হয়নি। গাড়ি পাহারা দিতে গিয়ে নিজের নিরাপত্তা বিপন্ন করাও তাঁর পক্ষে যুক্তিযুক্ত ছিল না।
সুদ-সহ ক্ষতিপূরণের নির্দেশ
শেষ পর্যন্ত গাড়ির বিমাকৃত মূল্য ৭০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। মানসিক যন্ত্রণা ও হয়রানির জন্য আরও ৫০ হাজার টাকা এবং মামলার খরচ বাবদ ২৫ হাজার টাকা দিতে হবে সংস্থাকে। অর্থাৎ সুদ বাদে মোট ৭০ লক্ষ ৭৫ হাজার টাকা পাবেন পাটিল। দীর্ঘ ১৪ বছরের আইনি লড়াইয়ের পর এই নির্দেশ তাঁর কাছে বড় স্বস্তি। (BMW Insurance Claim)












2 thoughts on “১৪ বছরের আইনি লড়াইয়ে জয়, পুড়ে যাওয়া BMW-র জন্য ৭০ লক্ষ টাকা বিমা পেলেন ব্যক্তি”
Comments are closed.