প্রথমে মনে করা হয়েছিল বৈদ্যুতিক গোলযোগ বা কোনও দুর্ঘটনার জেরেই আগুন লেগেছে। কিন্তু তদন্ত যত এগিয়েছে, ততই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দক্ষিণ দিল্লির তুঘলকাবাদ এলাকায় গত ১২ জুন গভীর রাতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছিল, তা আদতে একটি পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা বলে দাবি পুলিশের। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং এক নাবালিকাকে আটক করা হয়েছে। (Delhi Fire)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া তিনজন হলেন নিরঞ্জন (৩৩), তাঁর ভাই রাজকুমার (২৭) এবং সরিতা (২৭)। আটক নাবালিকা মেয়েটির বয়স ১৭ বছর। তদন্তকারীদের দাবি, ওই নাবালিকা জেরার মুখে স্বীকার করেছে যে ১২ জুন মধ্যরাতের পর বহুতলের নিচে দাঁড়িয়ে থাকা একটি স্কুটারে সে আগুন লাগিয়েছিল। এরপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাঁচতলা পর্যন্ত এবং মুহূর্তের মধ্যে গোটা ভবন আগুনে গ্রাস করে নেয়। (Delhi Fire)
অগ্নিকাণ্ডে আটজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে পঙ্কজ, সুশীলা দেবী এবং সোনিয়া কুমারীর মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। (Delhi Fire)
তদন্তে মোড় ঘুরে যায় সিসিটিভি ফুটেজ সামনে আসার পর। সেখানে আগুন লাগার কিছুক্ষণ আগে এক কিশোরীকে ভবনে ঢুকতে দেখা যায়। সেই সূত্র ধরেই তাকে চিহ্নিত করে আটক করে পুলিশ। জেরায় মেয়েটি দাবি করে, সরিতার নির্দেশেই সে আগুন লাগিয়েছিল। শুধু নির্দেশই নয়, স্কুটারে আগুন ধরানোর জন্য পেট্রোল ও দেশলাইও সরবরাহ করা হয়েছিল বলে অভিযোগ।
পুলিশের দাবি, নিরঞ্জন ও তাঁর খুড়তুতো ভাই দীপকের মধ্যে দীর্ঘদিনের আর্থিক বিবাদের জেরেই এই ঘটনা। দীপকের স্কুটারকে লক্ষ্য করেই আগুন লাগানো হয়েছিল। উল্লেখযোগ্যভাবে, দীপক ওই ভবনের পঞ্চম তলায় থাকতেন। সম্প্রতি অন্য একটি মামলায় জেল থেকে মুক্তি পেয়েছিলেন নিরঞ্জন। (Delhi Fire)
ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্র, অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, খুনের চেষ্টা, অগ্নিসংযোগ এবং বেআইনি অনুপ্রবেশ-সহ একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। (Delhi Fire)
আরও পড়ুন :- রাস্তায় ফেলে এলোপাথারি কোপ, ফের লন্ডনে খুন ভারতীয় যুবক










1 thought on “দুর্ঘটনা নয়, পরিকল্পিত অগ্নিসংযোগ! দিল্লির বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৩”