রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অরুণাচলে অব্যাহত ভারত-চিন সংঘাত, ঘোষণা ITBP প্রধান

Published on: October 23, 2026
---Advertisement---

অরুণাচল প্রদেশের সীমান্তে ভারতীয় ও চিনা সেনার মধ্যে সংঘাত এখনও চলছে। জুলাই মাস থেকে একাধিক জায়গায় এই ফেস অফ চলছে বলে জানালেন ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (ITBP) ডিরেক্টর জেনারেল শত্রুজিৎ কাপুর। উত্তর-পূর্ব ভারতের সীমান্তে চলতে থাকা সংঘাত নিয়ে এই প্রথম সরকারি স্তরে এমন বক্তব্য সামনে এল। এই ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। (India China Border)

ITBP-র বার্ষিক অনুষ্ঠানে শত্রুজিৎ কাপুর জানান, গত কয়েক দিন ধরে অরুণাচল প্রদেশের একাধিক জায়গায় চিনা সেনার সঙ্গে ভারতীয় বাহিনীর মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। সেই পরিস্থিতি এখনও চলছে। জুলাই মাসে তকসিং এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ টহলদারি পয়েন্টে চিনা সেনার বাধা দেওয়ার খবর সামনে এসেছিল। ITBP প্রধান জানান, এই সংঘাতের সময় বাহিনীর নতুন তৈরি শৌর্য কম্যান্ডোরা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। উচ্চ পার্বত্য এলাকায় যুদ্ধের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই কম্যান্ডোরা পরিস্থিতি সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। (India China Border)

১৯৬২ সালে তৈরি ITBP বর্তমানে চিনের সঙ্গে ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণরেখা পাহারা দেয়। বাহিনীকে আরও শক্তিশালী করতে সীমান্তের প্রতিটি ইউনিটে ড্রোন প্লাটুন তৈরি করা হয়েছে। গালওয়ানের মতো পরিস্থিতি মোকাবিলায় বিশেষ যুদ্ধ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। পাশাপাশি, ভূগর্ভস্থ পরিকাঠামো তৈরির কাজ চলছে।

তকসিং নিয়ে উদ্বেগ

জুলাই মাসে পিপলস পার্টি অব অরুণাচল (PPA)-এর একটি তথ্য অনুসন্ধানকারী দল অভিযোগ করেছিল, তকসিং এলাকায় নির্দিষ্ট টহলদারি পয়েন্টে ভারতীয় বাহিনীর প্রবেশে বাধা দিচ্ছে চিনা পিপলস লিবারেশন আর্মি (PLA)। আপার সুবনসিরি জেলায় চিনের তৎপরতা বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেছিল তারা। তবে সরকার এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছিল, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, অরুণাচলে চিন নতুন করে কোনও এলাকা দখল করেনি। তবে সীমান্তের কাছে কয়েকটি চারণভূমিতে যাতায়াতের সুযোগ নিয়ে স্থানীয়দের উদ্বেগের কথা তিনি স্বীকার করেছেন। (India China Border)

মোদির নীরবতা নিয়ে কংগ্রেসের প্রশ্ন

ITBP প্রধানের বক্তব্য সামনে আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে জবাব চেয়েছে কংগ্রেস। দলের সাংসদ জয়রাম রমেশ এক্স-এ পোস্ট করে অভিযোগ করেন, অরুণাচলের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা উদ্বেগজনক। সেপ্টেম্বরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি বজায় রাখতে ভারত ও চিনের সেনাবাহিনীর উচ্চপদস্থ কম্যান্ডারদের বৈঠকের ফল কী হয়েছে, সেই প্রশ্নও তুলেছেন তিনি। অরুণাচলে ফের টহলদারি পয়েন্ট হারানোর আশঙ্কা প্রকাশের পাশাপাশি চিনের বিভিন্ন এলাকার নাম পরিবর্তন এবং ৬০ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বাঁধ নির্মাণ নিয়েও উদ্বেগ জানিয়েছেন জয়রাম। ডোকলাম ও পূর্ব লাদাখের সংঘাতের পর অরুণাচল সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় ভারত-চিন সম্পর্ক কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর। (India China Border)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now