বাড়িতে তল্লাশি চালাতেই বেরিয়ে এল কোটি কোটি টাকার সম্পত্তি। কোথাও সোনার গয়না, কোথাও রুপো, আবার কোথাও নগদ টাকার স্তূপ। মধ্যপ্রদেশের সাতপুরা টাইগার রিজার্ভের ডেপুটি ডিরেক্টর সঞ্জীব কুমার শর্মার ভোপালের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল সম্পত্তির সন্ধান পেল লোকায়ুক্তের বিশেষ পুলিশ বাহিনী। উদ্ধার হয়েছে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের সোনা, ২৬ লক্ষ টাকার বেশি নগদ এবং ১.৬৫৬ কেজি রুপো। আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি জমা করার অভিযোগেই শনিবার এই তল্লাশি চালানো হয়। (MP Forest Officer Gold Seized)
ভোপালের প্রফেসর কলোনিতে তল্লাশি
লোকায়ুক্ত স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্টের একটি দল শনিবার ভোপালের প্রফেসর কলোনিতে সঞ্জীবের বাড়িতে পৌঁছয়। একইসঙ্গে তাঁর সঙ্গে সম্পর্কিত আরও কয়েকটি জায়গাতেও তল্লাশি চালানো হয়। সরকারি চাকরি থেকে পাওয়া আয়ের তুলনায় তাঁর সম্পত্তির পরিমাণ অনেক বেশি বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে সম্পত্তির নথি, আর্থিক লেনদেন এবং বিনিয়োগ সংক্রান্ত কাগজপত্র পরীক্ষা করছেন তদন্তকারীরা। (MP Forest Officer Gold Seized)
উদ্ধার ৩.৫ কোটি টাকার সোনা
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তল্লাশিতে ২৬ লক্ষ ৩৬ হাজার ৮০০ টাকা নগদ উদ্ধার হয়েছে। পাশাপাশি পাওয়া গিয়েছে ২.৫২৮ কেজি সোনা। যার আনুমানিক মূল্য প্রায় ৩.৫ কোটি টাকা। উদ্ধার হওয়া ১.৬৫৬ কেজি রুপোর দাম প্রায় ২ লক্ষ ৯৪ হাজার টাকা। এছাড়াও একটি স্করপিও, মাহিন্দ্রা কিউভি, রয়্যাল এনফিল্ড বুলেট এবং একটি স্কুটার বাজেয়াপ্ত করা হয়েছে। চারটি গাড়ির মোট মূল্য প্রায় ৩১.২ লক্ষ টাকা। বাড়ি থেকে প্রায় ৫০ লক্ষ টাকার ঘরোয়া সামগ্রীও পাওয়া গিয়েছে। যদিও তল্লাশির সম্পূর্ণ সরকারি হিসাব এখনও প্রকাশ করা হয়নি। (MP Forest Officer Gold Seized)
আগেও দুর্নীতির অভিযোগে অভিযান
এর আগে ৪ নভেম্বর মধ্যপ্রদেশের ধার জেলার নালছায় শের সিং ঠাকুর নামে এক সমবায় সমিতির ম্যানেজারের সঙ্গে যুক্ত তিনটি জায়গায় তল্লাশি চালায় লোকায়ুক্ত। তদন্তকারী আধিকারিক আশুতোষ মিঠাসের বক্তব্য অনুযায়ী, প্রায় ২০ বছরের চাকরিতে তাঁর আনুমানিক বেতন ছিল ৬৫ লক্ষ টাকা। অথচ নিজের ও স্ত্রীর নামে সম্পত্তি কিনতে খরচ করেছিলেন প্রায় ২ কোটি ৪১ লক্ষ টাকা। তল্লাশিতে ২,৪০০ বর্গফুটের দোতলা বাড়ি, ১,৩৫০ বর্গফুটের বাণিজ্যিক ভবন, ৩.১৭ হেক্টর কৃষিজমি, মাটি কাটার যন্ত্র এবং একাধিক গাড়ির সন্ধান মেলে। একটি সম্ভাব্য বেনামি সম্পত্তির তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। দুর্নীতি প্রতিরোধ আইনে তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে। দুই ক্ষেত্রেই আয়ের সঙ্গে সম্পত্তির হিসাব মেলানোর চেষ্টা চলছে। সঞ্জীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা অবশ্য তদন্ত শেষেই স্পষ্ট হবে। (MP Forest Officer Gold Seized)









