ফের জম্মু-কাশ্মীরে চাঞ্চল্য। নিখোঁজ হওয়ার একদিনের মধ্যেই উদ্ধার হলো দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ। বৃহস্পতিবার সকালে কিস্তওয়ার জেলার দুর্গম ডাচ্ছান এলাকা থেকে দুই স্পেশাল পুলিশ অফিসারের দেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন বছর ৫৭-র বাবি চাঁদ এবং রশপাল কুমার, বয়স ৪৫। দু’জনেরই দেহে একাধিক গুলির চিহ্ন মিলেছে। তাঁদের সঙ্গে থাকা সার্ভিস রাইফেল দু’টি খুঁজে পাওয়া যায়নি। আর তাতেই এই ঘটনার পিছনে জঙ্গি যোগ থাকার আশঙ্কা আরও জোরালো হয়েছে।
পুলিশ ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বাবি চাঁদ এবং রশপাল কুমার ডাচ্ছান এলাকার কিয়ার গ্রামে পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের (SOG) সঙ্গে যুক্ত ছিলেন। বুধবার নিজেদের ক্যাম্প থেকে মারওয়াহ এলাকার ধরনা-তে একটি সেনা পোস্টের দিকে যাচ্ছিলেন তাঁরা। সেই সময়ই কোনওভাবে নিখোঁজ হয়ে যান দু’জন। এরপর থেকেই তাঁদের খোঁজ শুরু হয়। (Jammu Kashmir Tragedy)
বৃহস্পতিবার সকালে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। কীভাবে তাঁদের মৃত্যু হলো, তা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
Jammu Kashmir Tragedy: নিখোঁজ সার্ভিস রাইফেল, জঙ্গি-যোগের আশঙ্কা
ঘটনায় সবচেয়ে বেশি সন্দেহ তৈরি হয়েছে দুই পুলিশকর্মীর সার্ভিস অস্ত্রের খোঁজ না মেলায়। সাধারণত কর্তব্যরত থাকাকালীন পুলিশকর্মীদের সঙ্গে তাঁদের সার্ভিস অস্ত্র থাকে। কিন্তু বাবি চাঁদ ও রশপাল কুমারের দেহ উদ্ধার হলেও তাঁদের অস্ত্র দু’টির কোনও সন্ধান পাওয়া যায়নি। ফলে তাঁদের উপর জঙ্গিরা হামলা চালিয়ে অস্ত্র লুট করেছে কিনা, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় জঙ্গিদের সরাসরি যোগের বিষয়টি নিশ্চিত হয়নি। কী কারণে এবং কারা এই দুই পুলিশকর্মীকে খুন করল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে কিস্তওয়ারের দুর্গম এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।













