“দীপাবলিতে একদিন বাজি ফাটালে তেমন কোনও সমস্যা নেই, দূষণ হলেও তা সময়ের সঙ্গে কমে যাবে।” দীপাবলিতে বাজি পোড়ানো নিয়ে এভাবেই সওয়াল করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর বক্তব্য, সাধারণ মানুষ একদিন উৎসবের আনন্দে বাজি ফাটালেই দূষণের প্রসঙ্গ ওঠে। অথচ দুর্নীতির মাধ্যমে গোটা ব্যবস্থাকে যারা দূষিত করছেন, তাঁদের নিয়ে কেউ প্রশ্ন তোলেন না। (Yogi Adityanath Diwali Firecrackers Pollution)
দীপাবলিতে বাজি পোড়ানো নিয়ে কী বললেন যোগী?
ধনতেরাস ও দীপাবলিতে সাধারণ মানুষের বাজি পোড়ানো এবং আতশবাজির আনন্দ দেখে খুশি যোগী আদিত্যনাথ। তিনি জানান, অযোধ্যায় দীপাবলি উদযাপনের সময় নিজেও আতশবাজিতে অংশ নিয়েছিলেন। তাঁর কথায়, বিজেপি পরিচালিত উত্তরপ্রদেশ সরকার উৎসব উদযাপনে কোনও বাধা দিতে চায় না। বরং মানুষ যাতে স্বাধীনভাবে উৎসব পালন করতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে চায় সরকার। যোগীর বক্তব্য, মানুষ যখন আনন্দ করে উৎসব পালন করেন, তখনই অনেকে দূষণের কথা মনে করিয়ে দেন। অথচ দুর্নীতির মাধ্যমে যারা গোটা ব্যবস্থাকে দূষিত করছেন, তাঁদের বিরুদ্ধে একইভাবে প্রশ্ন ওঠে না। একদিন বাজি ফাটানো নিয়ে এত উদ্বেগের কারণ কী, সেই প্রশ্নও তোলেন তিনি। (Yogi Adityanath Diwali Firecrackers Pollution)
দূষণ নিয়ে উদ্বেগের মধ্যেই মন্তব্য
উল্লেখ্য, দীপাবলির আগে থেকেই দেশের একাধিক শহরে বায়ুদূষণ বাড়ছিল। বিশেষ করে দিল্লি ও সংলগ্ন এলাকায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে। ৮ নভেম্বর দীপাবলির আগে দিল্লি, নয়ডা এবং গুরুগ্রামে ঘন ধোঁয়াশার চাদর দেখা যায়। একাধিক বায়ু পর্যবেক্ষণ কেন্দ্রে বায়ুর গুণমান সূচক বা AQI ৪০০ ছাড়িয়ে যায়। এই মাত্রাকে ‘গুরুতর’ বলে চিহ্নিত করা হয়।
এমন পরিস্থিতিতে দূষণ নিয়ে অতিরিক্ত চিন্তা না করার পরামর্শ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, দূষণ হলেও তা স্থায়ী হবে না। সময়ের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। দীপাবলির আনন্দ উদযাপনে তাই সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলেই মনে করেন যোগী আদিত্যনাথ। (Yogi Adityanath Diwali Firecrackers Pollution)












