ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দূষণে বাড়ছে শ্বাসকষ্টের ভয়, সুস্থ থাকার পরামর্শ চিকিৎসকদের

---Advertisement---

সকাল হোক বা সন্ধ্যা, দিল্লির রাস্তায় বেরোলেই চোখে পড়ছে ধোঁয়াশার চাদর। বাতাসে দূষণের মাত্রা বেশি থাকায় স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতেও সমস্যায় পড়ছেন অনেকে। কোথাও দৃশ্যমানতা কম, কোথাও আবার বাতাসে ভাসছে ধূলিকণা। এই পরিস্থিতিতে দিল্লিবাসীকে সতর্ক করলেন চিকিৎসকরা। বাইরে বেরোলে অবশ্যই N95 মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে ভোর ও সন্ধ্যার প্রাতঃভ্রমণ এবং খোলা জায়গায় শরীরচর্চা। বাড়ির ভিতরে এয়ার পিউরিফায়ার ব্যবহার এবং ঘরের মধ্যে ব্যায়াম করার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। (Delhi Air Pollution N95 Mask Advisory)

N95 মাস্ক ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের

মেদান্ত হাসপাতালের রেসপিরেটরি অ্যান্ড স্লিপ মেডিসিন বিভাগের অধিকর্তা চিকিৎসক অভিনব ভানোত জানিয়েছেন, বাইরে বেরোলে এমন N95 মাস্ক পরতে হবে, যা নাক ও মুখ দুটোই ভালোভাবে ঢেকে রাখে। সাধারণ মাস্কের পরিবর্তে N95 মাস্ক ব্যবহারের উপর জোর দিয়েছেন তিনি। তাঁর পরামর্শ, ভোরে বা সন্ধ্যায় যাঁরা হাঁটতে কিংবা শরীরচর্চা করতে যান, তাঁরা আপাতত সেই অভ্যাস বদলান। কারণ, এই সময় বাতাসে ধোঁয়াশা ও দূষণের ঘনত্ব বেশি থাকে। রোদ ওঠার পর বেলা বাড়লে পরিস্থিতি কিছুটা ভালো হতে পারে। তবে AQI ২০০-র নীচে না নামা পর্যন্ত খোলা জায়গায় শরীরচর্চা এড়িয়ে চলাই ভালো। তার বদলে বাড়িতে বা জিমে ব্যায়াম করার পরামর্শ দিয়েছেন তিনি। বাড়িতে শিশু ও বয়স্করা যেখানে বেশি সময় কাটান, সেই ঘরে ভালো মানের এয়ার পিউরিফায়ার রাখার কথাও বলেছেন চিকিৎসক। পাশাপাশি পর্যাপ্ত জল পান এবং সবুজ শাকসবজি খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। (Delhi Air Pollution N95 Mask Advisory)

কারা বেশি বিপদের মুখে?

মেদান্তের ইন্টারনাল মেডিসিন, রেসপিরেটরি অ্যান্ড স্লিপ মেডিসিন বিভাগের চেয়ারম্যান চিকিৎসক রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, শিশু, ৬০ বছরের বেশি বয়সি মানুষ এবং হাঁপানি, হৃদরোগ ও কিডনির সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ঝুঁকি সবচেয়ে বেশি। তাঁদের যতটা সম্ভব বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। (Delhi Air Pollution N95 Mask Advisory)

তাঁর কথায়, প্রয়োজন হলে বাড়ি থেকে কাজ করতে হবে। বাইরে হাঁটা, জগিং এবং অন্যান্য শারীরিক পরিশ্রম আপাতত বন্ধ রাখা উচিত। যাঁদের দীর্ঘদিনের শ্বাসকষ্ট বা হৃদরোগ রয়েছে, তাঁদের নিয়মিত ওষুধ খেতে হবে। শ্বাস নিতে সমস্যা, কাশি, বুকে চাপ, অতিরিক্ত ঘুম বা দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। (Delhi Air Pollution N95 Mask Advisory)

কেন শীতকালে বাড়ে দূষণ?

চিকিৎসক গুলেরিয়ার মতে, শীতকালে তাপমাত্রা কমে যাওয়ায় বাতাসে দূষিত পদার্থ সহজে ছড়িয়ে পড়তে পারে না। ফলে ধোঁয়া ও ক্ষতিকর কণা মাটির কাছাকাছি আটকে থাকে। গাড়ির ধোঁয়া, নির্মাণকাজের ধুলো এবং ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া পরিস্থিতি আরও খারাপ করে। দীপাবলির বাজি থেকেও দূষণ বাড়ে। পাশাপাশি উৎসবের সময় যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়াও দূষণের অন্যতম কারণ। তবে বাজির কারণে দূষণের যে বাড়তি চাপ তৈরি হয়, তা সাধারণত এক-দু’দিনের মধ্যে কমে যায়। (Delhi Air Pollution N95 Mask Advisory)

মঙ্গলবার AQI কিছুটা কমলেও স্বস্তি নেই

মঙ্গলবার দিল্লির ২৪ ঘণ্টার গড় বায়ুমান সূচক বা AQI ছিল ২৯৯। সোমবার এই মাত্রা ছিল ৩৪৪। অর্থাৎ দূষণ কিছুটা কমলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সোমবার পর্যন্ত বাতাসের মান ছিল ‘অত্যন্ত খারাপ’ বা ‘ভেরি পুওর’ বিভাগে। দিল্লির এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেমের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন PM2.5 ও PM10-এর মাত্রা কমতে পারে। মঙ্গলবার দূষণ পর্যবেক্ষণকারী ৫৮টি কেন্দ্রের মধ্যে ২৮টিতে বাতাসের মান ছিল ‘অত্যন্ত খারাপ’ এবং ২৮টিতে ‘খারাপ’। মাত্র দু’টি কেন্দ্রে বাতাসের মান ছিল ‘মাঝারি’। কোনও কেন্দ্রেই দূষণের মাত্রা ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছয়নি। এদিন দিল্লির বাতাসে প্রধান দূষক ছিল PM10। সব মিলিয়ে দূষণ কিছুটা কমলেও এখনই নিশ্চিন্ত হওয়ার জায়গা নেই। বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now