বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা বাড়ছে। এই শিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভরসা। প্রায় ৪০ লক্ষ মানুষের কর্মসংস্থানও জড়িয়ে রয়েছে এর সঙ্গে। অথচ যে শ্রমিকদের পরিশ্রমে এই শিল্পের এত সাফল্য, তাঁদের অনেকেরই সংসারে নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা। বাড়ছে বাড়িভাড়া, খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। কিন্তু সেই অনুপাতে বাড়ছে না বেতন। ফলে দু’বেলা খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন বহু শ্রমিক। চিকিৎসা এবং সন্তানের পড়াশোনার খরচেও কাটছাঁট করতে হচ্ছে তাঁদের।
সংসারের একমাত্র ভরসা শিল্পী খাতুন
বাংলাদেশের গাজিপুরের বাসিন্দা ২৭ বছরের শিল্পী খাতুন। গত পাঁচ বছর ধরে পোশাক কারখানায় কাজ করছেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনকারী শিল্পী। তাঁর স্বামী কর্মহীন। বাবা-মা এবং শ্বশুর-শাশুড়ির দায়িত্বও তাঁর কাঁধে। গ্যাসের খরচ বাঁচাতে কাঠের উনুনে রান্না করতে হয় তাঁকে। পাঁচ বছর আগে শিল্পীর মাসিক বেতন ছিল ৯ হাজার টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ১৩ হাজার ৫০০ টাকা। অতিরিক্ত সময় কাজ করলে মাসে প্রায় ১৬ হাজার টাকা আয় হয়। কিন্তু বাড়িভাড়া ও খাবারের খরচ মেটাতেই সেই টাকা শেষ হয়ে যায়। গত তিন বছরে শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও চিকিৎসকের কাছে যেতে পারেননি তিনি। (Bangladesh Garment Workers Wage Crisis)
মজুরি বৃদ্ধির দাবিতে রাস্তায় শ্রমিকরা
এই পরিস্থিতিতে সম্প্রতি মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভে নামেন বাংলাদেশের পোশাকশ্রমিকদের একাংশ। তাঁদের দাবি, মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করতে হবে। গত সপ্তাহে বিভিন্ন জায়গায় বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও শব্দবোমা ব্যবহার করে পুলিশ। অশান্তির জেরে কয়েকশো পোশাক কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। (Bangladesh Garment Workers Wage Crisis)
খাবার ও সন্তানের পড়াশোনাতেও কাটছাঁট
ঢাকার উপকণ্ঠে আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করেন ২৯ বছরের রোকসানা পারভিন। দুই মেয়েকে নিয়ে তাঁর সংসার। আর্থিক সমস্যার কারণে অনেক সময় শুধু ভাত ও সবজি খেয়েই দিন কাটাতে হয় তাঁদের। মাছ-মাংস কেনা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এমনকী অর্থের অভাবে তাঁর এক মেয়ের পড়াশোনাও বন্ধ হয়ে গিয়েছে। (Bangladesh Garment Workers Wage Crisis)
মালিকদেরও রয়েছে উদ্বেগ
অন্যদিকে, কারখানার মালিকদের বক্তব্য, এক ধাক্কায় অনেকটা মজুরি বাড়ালে উৎপাদন খরচ বেড়ে যাবে। তাতে ভারত ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশের সঙ্গে আন্তর্জাতিক বাজারে পাল্লা দেওয়া কঠিন হবে। জ্বালানির বাড়তি খরচও তাঁদের ব্যবসায় চাপ তৈরি করছে। মালিকদের দাবি, শ্রমিকেরা মূল বেতনের পাশাপাশি বছরে ৯ শতাংশ বেতন বৃদ্ধি এবং দু’টি উৎসব ভাতা পান। তবে শ্রমিকদের বক্তব্য, এই বৃদ্ধি বাজারদরের সঙ্গে তাল মেলানোর পক্ষে যথেষ্ট নয়।
অর্থনীতির বড় ভরসা পোশাকশিল্প
চিনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে এই শিল্প থেকে। ৪০ লক্ষের বেশি মানুষের কর্মসংস্থান জড়িয়ে রয়েছে এর সঙ্গে।২০২২ সাল থেকে বাংলাদেশে মূল্যবৃদ্ধির চাপ অব্যাহত। দীর্ঘদিন ধরে গড় মূল্যবৃদ্ধির হার প্রায় ৯ শতাংশের কাছাকাছি রয়েছে। ফলে আয় বাড়লেও শ্রমিকদের হাতে সঞ্চয়ের টাকা থাকছে না। শেষ পর্যন্ত ন্যূনতম মজুরি কতটা বাড়ে, এখন সেদিকেই তাকিয়ে লক্ষ লক্ষ শ্রমিক। আন্তর্জাতিক বাজারে পোশাকশিল্পের সাফল্য থাকলেও সেই সাফল্যের সুফল শ্রমিকদের ঘরে পৌঁছচ্ছে কি না, উঠছে সেই প্রশ্নই। (Bangladesh Garment Workers Wage Crisis)














