বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। তার জেরে বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে বৃহস্পতিবার থেকেই বদলাবে আবহাওয়া। কমবে বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে সকাল ও সন্ধ্যায় ফের শীতের আমেজ অনুভূত হবে। (Weather Update )
কলকাতায় বুধবার সকালে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে আকাশ পুরোপুরি মেঘলা হতে পারে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৯৬ শতাংশ। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। সকালের দিকে কুয়াশাও দেখা যেতে পারে। সপ্তাহান্তে মনোরম আবহাওয়ার পাশাপাশি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। (Weather Update )
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টি
বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি পুরোপুরি কমার সম্ভাবনা। পরবর্তী দু’-তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পশ্চিমের জেলাগুলিতে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ বাড়বে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও আবহাওয়া মনোরম থাকবে। (Weather Update )
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
বুধবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচের দিকের তিন জেলাতেও দু’-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমবে। আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী কয়েক দিনে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের আশঙ্কা
এদিকে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে গাল্ফ অফ মানারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেটি আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এসে শক্তি বাড়াতে পারে। আগামী ১৩ নভেম্বর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় তা আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশের উপরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অন্ধ্রপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। সেটি ওড়িশা, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়েছে। সব মিলিয়ে সপ্তাহান্তে বৃষ্টির বিরতি এবং তাপমাত্রা কমার হাত ধরে রাজ্যে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা। (Weather Update )














